দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সিতে খেলা হচ্ছে না নেইমারের। একের পর এক ইনজুরি তার আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে দিয়েছে। ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারকে নিয়ে তার পরিকল্পনা পরিষ্কার—তবে শর্ত একটাই, নেইমারকে থাকতে হবে শতভাগ ফিট।
ইএসপিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইতালিয়ান এই কোচ বলেন, নেইমারের ফুটবল দক্ষতা নিয়ে নতুন করে কিছু প্রমাণ করার দরকার নেই, তবে আধুনিক ফুটবলে শুধুমাত্র প্রতিভা নয়, পূর্ণ শারীরিক সক্ষমতাও প্রয়োজন। চোটপ্রবণ নেইমারকে তাই ফিট হতেই হবে। এছাড়া নতুনভাবে সাজিয়ে তোলা আনচেলত্তির দলে তার জায়গা হবে না।
ব্রাজিল কোচের ভাষায়, ‘নেইমারকে কেমন খেলে সেটা নতুন করে দেখার কিছু নেই। কারণ, সবাই জানে সে কতটা প্রতিভাবান। আধুনিক ফুটবলে প্রতিভা কাজে লাগাতে হলে শারীরিক ফিটনেসও থাকতে হয়। যদি সে শতভাগ ফিট থাকতে পারে, তাহলে দলে জায়গা পাওয়ার কোনো সমস্যা হবে না। আমি তাকে বলেছি, সামনে সময় আছে নিজেকে প্রস্তুত করার এবং জাতীয় দলে অবদান রাখার।’
আনচেলত্তি আরও জানান, চলতি বছরের জুনে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে ব্রাজিলে নেইমারের সঙ্গে হোটেলে বসে আলাপও হয়েছে তার। নেইমারকে কোন পজিশনে ব্যবহার করতে চান, সে বিষয়েও খোলামেলা কথা বলেন আনচেলত্তি, ‘নেইমারকে আমি তাকে অ্যাটাকিং মিডফিল্ডার বা ফরোয়ার্ড হিসেবে খেলাতে চাই। আধুনিক ফুটবলে উইঙ্গারদেরও অনেক বেশি শারীরিক সক্ষমতা থাকতে হয়। তাই তাকে বাইরের দিকে নয়, কেন্দ্রীয় আক্রমণভাগেই খেলাতে হবে। সে সহজেই মিডফিল্ডে খেলতে পারবে।’
নেইমার বর্তমানে ব্রাজিলের সান্তোস ক্লাবে অনুশীলন করছেন এবং জাতীয় দলে ফেরার জন্য ফিটনেস নিয়ে কাজ করছেন। একই সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মন্তব্য করেছেন এই অভিজ্ঞ কোচ। তিনি ২০২৬ বিশ্বকাপের পরও ব্রাজিল দলের দায়িত্বে থাকতে চান এবং প্রয়োজনে ২০৩০ সাল পর্যন্তও চুক্তি বাড়াতে প্রস্তুত। আনচেলত্তির ভাষায়, ‘আমি এক বছরের জন্য চুক্তি করেছি। বিশ্বকাপের পর যদি সিবিএফ চায়, তাহলে আমি থাকতেও পারি। আমি এবং আমার পরিবার এখানে খুবই স্বচ্ছন্দ বোধ করছি।’
বিসিসিআই নির্বাচনে লড়াই করবেন সৌরভ-হরভজন?
এশিয়া কাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচ আজ; দেখুন সম্ভাব্য একাদশ
ভারত ম্যাচের আগে পাকিস্তানের দুর্বলতা খুঁজে পেলেন ওয়াসিম আকরাম
প্রয়াত জটার স্ত্রীর সঙ্গে নেভেসের ঘনিষ্ঠ ছবি ফাঁস, প্রতিবাদের ঝড়