শনিবার এমএলএসে শার্লট এফসির বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে খবরের শিরোনাম হলেন লিওনেল মেসি। তবে সেটা গোল করে নয়, বরং পেনাল্টি মিস করেই। পানেনকা স্টাইলে নেওয়া শটটি রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। এ নিয়ে আর্জেন্টাইন সুপারস্টারের ক্যারিয়ারে মিস করা পেনাল্টির সংখ্যা দাঁড়াল ৩২-এ। আর সেখান থেকেই নতুন করে তুলনা শুরু হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে।
গত প্রায় দুই দশক ধরে মেসি-রোনালদো ফুটবল দুনিয়ার রাজত্ব করছেন। ক্লাব হোক বা জাতীয় দল—প্রতিটি বড় মুহূর্তে তাদের হাতেই দায়িত্ব এসেছে পেনাল্টি নেওয়ার। গোল করার সহজতম সুযোগ হয়েও পেনাল্টি সবসময় প্রচণ্ড চাপের বিষয়, আর তাই এখানে হিসাব-নিকাশও আলাদা গুরুত্ব পায়।
রোনালদো প্রথম দিকেই ম্যানচেস্টার ইউনাইটেডে ওয়েন রুনির সঙ্গে ভাগাভাগি করে পেনাল্টি নিতেন। তবে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই তিনি হয়ে যান দলের প্রধান পেনাল্টি টেকার। পর্তুগালের হয়েও দায়িত্বটা তার হাতেই থাকে।
এখন পর্যন্ত ইউনাইটেড, রিয়াল, জুভেন্টাস, আল নাসর ও পর্তুগালের হয়ে ক্যারিয়ারে মোট ২১০টি পেনাল্টি নিয়েছেন রোনালদো। এর মধ্যে ১৭৭টি গোল করেছেন, মিস করেছেন ৩৩টি। তার সাফল্যের হার দাঁড়ায় ৮৪.২৯ শতাংশ।
রোনালদিনহো বিদায়ের পর ২০০৮ সালে বার্সেলোনায় পেপ গার্দিওলার হাতে মেসির ওপর দায়িত্ব দেওয়া হয় দলের প্রধান পেনাল্টি নেওয়ার। এর সঙ্গে যুক্ত হয় আইকনিক ১০ নম্বর জার্সি। সেখান থেকে শুরু হয় মেসির পেনাল্টি যাত্রা।
বার্সেলোনা, পিএসজি, ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ১৪৫টি পেনাল্টি নিয়েছেন তিনি। এর মধ্যে গোল করেছেন ১১৩টি, মিস করেছেন ৩২টি। ফলে তার সাফল্যের হার ৭৭.৯৩ শতাংশ—যা রোনালদোর তুলনায় কিছুটা কম।
শার্লটের বিপক্ষে মেসির এই মিসের মধ্য দিয়ে শেষ হলো প্রায় তিন বছরের এক দারুণ ধারাবাহিকতা। নিয়মিত খেলায় (পেনাল্টি শুটআউট বাদে) এতদিন কোনো পেনাল্টি মিস করেননি তিনি। সর্বশেষ মিস করেছিলেন ২০২২ বিশ্বকাপে। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার নেওয়া শট ঠেকিয়ে দেন ভইচেখ শেজনি। এরপর থেকে জাতীয় দল ও ইন্টার মায়ামির হয়ে নেওয়া টানা ৬টি পেনাল্টিতেই গোল করেছিলেন মেসি।
একুশ শতকে পেনান্টি মিসকারীদের তালিকা
| র্যাঙ্ক | নাম | জাতীয়তা | বর্তমান ক্লাব | মিস করা পেনাল্টি |
|---|---|---|---|---|
| ১ | ক্রিশ্চিয়ানো রোনালদো | পর্তুগাল | আল নাসর | ৩৩ |
| ২ | লিওনেল মেসি | আর্জেন্টিনা | ইন্টার মায়ামি | ৩২ |
| ৩ | নেইমার | ব্রাজিল | আল হিলাল | ২২ |
| ৪ | ফ্রান্সেসকো টট্টি | ইতালি | অবসরপ্রাপ্ত | ২০ |
| ৫ | চিরো ইমোবিলে | ইতালি | বেসিকতাস | ১৯ |
| ৬ | জ্লাতান ইব্রাহিমোভিচ | সুইডেন | অবসরপ্রাপ্ত | ১৭ |
| ৭ | এডিনসন কাভানি | উরুগুয়ে | বোকা জুনিয়র্স | ১৬ |
| ৮ | সার্জিও আগুয়েরো | আর্জেন্টিনা | অবসরপ্রাপ্ত | ১৪ |
| ৯ | আন্তোনিও দি নাতালে | ইতালি | অবসরপ্রাপ্ত | ১৪ |
জাকেরের ‘হাতুড়ি অনুশীলন’ ব্যর্থ; ছক্কা না হওয়ার দায় ‘বাতাসের’!