টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে নারী ১০০ মিটার স্প্রিন্টে ইতিহাস রচনা করলেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে তিনি জিতলেন সোনার পদক, যা নতুন চ্যাম্পিয়নশিপ রেকর্ড। রূপান জিতেছেন জ্যামাইকার টিনা ক্লেটন (১০.৭৬), আর ব্রোঞ্জ পান গত অলিম্পিক চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড (১০.৮৪)।
“আমি এই মুহূর্তটার স্বপ্ন দেখছিলাম। চাপ হিসেবে না দেখে এটাকে উপভোগ করেছি, আর সেই মানসিকতার ফলেই আজ সোনার পদক পেলাম,” উচ্ছ্বসিত কণ্ঠে বলেন বিশ্ব চ্যাম্পিয়ন জেফারসন-উডেন।
তবে পুরো স্টেডিয়ামের সবচেয়ে বড় করতালি গেছে জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে। ‘পকেট রকেট’ নামে পরিচিত এই কিংবদন্তি ১১.০৩ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থানে থাকলেও দর্শকদের হৃদয় জয় করেছেন বিদায়ী দৌড়ে। ৩৮ বছর বয়সী ফ্রেজার-প্রাইস এটাই ছিল তাঁর নবম ও শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ইভেন্ট। যদিও তিনি এখনও ৪x১০০ মিটার রিলেতে নামার ইচ্ছা প্রকাশ করেছেন। আবেগঘন বিদায়ে তিনি বলেন, “অ্যাথলেটিক্সে আমি বহু বছর দিয়েছি। এখন আমার পরিবারের জন্য সময় দেওয়ার পালা। আমার ছেলে জায়ন এখন আট বছরের। ও এখন অনেক প্রশ্ন করে, চায় আমি সবসময় পাশে থাকি।”
ফ্রেজার-প্রাইসের ক্যারিয়ারে ২৪টি আন্তর্জাতিক পদক—এর মধ্যে ৮টি অলিম্পিক (৩টি স্বর্ণ) আর ১৬টি বিশ্বচ্যাম্পিয়নশিপের পদক রয়েছে (১০টি স্বর্ণ)। পুরুষদের উসাইন বোল্ট (১১) আর যুক্তরাষ্ট্রের অ্যালিসন ফেলিক্স (১৪)–এর পাশে তিনি ঢুকে পড়েছেন ‘বিশ্ব সোনাজয়ী এলিট ক্লাবে’।
৯ বছর পর জ্যামাইকার অ্যাথলিটকে বিশ্বসেরা হতে দেখলেন উসাইন বোল্ট