ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর থেকে অবরোধ কর্মসূচি শিথিল থাকলেও সকাল সাড়ে ১০টার পর ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।
সংশ্লিষ্টরা জানায়, সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুটি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভাগীয় ও জেলা সদর থেকে এক হাজার পুলিশ, দুইশত সেনাবাহিনী, র্যাব, বিপিএনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। হঠাৎ করে আন্দোলনকারীরা সড়ক অবরোধ শুরু করে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, সকাল থেকে মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলছিল। হঠাৎ করে ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ওপর অবরোধকারীরা খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করলে যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিজানুর রহমান জানান, সড়কের যানবাহন স্বাভাবিক রাখতে ভোর ৫টা থেকে ভাঙ্গা উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
