যশোরে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

যশোরের বাঘারপাড়া ও ঝিকরগাছা উপজেলায় ২টি সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাঘারপাড়ায় এক পুলিশ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিন জন নিহত হয়েছেন।

যশোর-নড়াইল সড়কের ভাঙ্গুড়া ব্রিজের কাছে বাঁশ বোঝাই ট্রাকের সঙ্গে বাস দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ তিন জন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক এইচএম জাফর আলী খান (৪৫) , বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্ত আঢ্যর ছেলে নড়াইলের লাহুড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫) ও যশোর সদরের বসুন্দিয়া গ্রামের মোহাম্মদ আলী পুত্র শেখ আক্তার হোসেন (৪৭)। এর মধ্যে বুকে বাশ ঢুকে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারান আক্তার হোসেন।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, রবিবার রাত ১১টার দিকে যশোরমুখী নড়াইল এক্সপ্রেসের বাস দাঁড়িয়ে থাকা বাশ বোঝাই একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এ সময় কাঁচ ভেঙে বাশের সামনের অংশ ঢুকে গিয়ে তিন জন আহত হন। পরে স্থানীয়রা তিন জনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শেখ আক্তার হোসেন ও এইচএম জাফর আলীকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয়। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন জানান, দুই জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপর একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়। ওসি শেখ সেকেন্দার আলী আরও জানান, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে সোমবার ভোরে যশোরের ঝিকরগাছায় বেনাপোল মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস নামে এক জন নিহত হয়েছেন। তিনি পিকআপ চালক ও ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলিপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে। 

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ জানান, ভোর ৫টার দিকে রুহুল কুদ্দুস তার পিকআপ নিয়ে ঝিকরগাছার পারবাজার নামক স্থানে আসলে শামীম এন্টারপ্রাইজ নামের একটি বাস এসে মুখোমুখি ধাক্কা দিলে রুহুল ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনায় কবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে। এছাড়া রুহুল কুদ্দুসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত