হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নুর

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্য রওনা হয়েছেন।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় নুরের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে নুর বলেন, এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাব। এরপর দেশের বাইরে কোনও হাসপাতালে চিকিৎসা নেব।

স্বজনরা জানান, নুরকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত