শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
দিনভর ক্যাম্পাসজুড়ে ছিল নবাগত শিক্ষার্থী, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।
এই আয়োজনে টিএসসি কমপ্লেক্সের সামনে বিশ্ববিদ্যালয়ের ২৩টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজেদের কর্মকাণ্ড তুলে ধরতে রঙিন স্টল সাজায়।
সংগঠনের সদস্যরা নতুন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ও ফুল দিয়ে স্বাগত জানান।
শেকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও হল কমিটির আহ্বায়করা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, “আদিযুগে কৃষিকাজের সূচনা করেছেন মেয়েরা, তাই নতুন মেয়েদের আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়কে পছন্দ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য সর্বক্ষণিকভাবে নিয়োজিত। তাঁরা অত্যন্ত দক্ষতার সাথে পাঠদান করেন।
শেকৃবিতে কোনো যোগিং নেই। কেউ যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত কাজে লিপ্ত হন, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”
