পিসিবির অভিযোগ খারিজ করল আইসিসি; ম্যাচ বর্জন করবে পাকিস্তান?

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম

এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর জন্য যে আনুষ্ঠানিক আবেদন করেছিল, তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পিসিবিকে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রশ্ন উঠেছে, এবার কি ম্যাচ বর্জনের পথে হাঁটবে পাকিস্তান?

গত রবিবার দুবাইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে গুঁড়িয়ে দেয় ভারত। ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা স্বাভাবিক প্রথা অনুযায়ী প্রতিপক্ষের সঙ্গে হাত না মিলিয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। এমনকি পাকিস্তানি খেলোয়াড় ও কোচ মাইক হেসন যখন ড্রেসিংরুমে এসে হাত মেলাতে চান, তখন ড্রেসিংরুমের দরজাও বন্ধ ছিল। এ ঘটনায় তোলপাড় পড়ে যায়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয় পিসিবি।

এর ধারাবাহিকতায় পিসিবি অভিযোগ তোলে যে, ম্যাচের আগে টসের সময় পাইক্রফট নাকি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে নির্দেশ দিয়েছিলেন- তিনি যেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলান। বিষয়টিকে তারা ‘স্পিরিট অব ক্রিকেট’ এবং ‘এমসিসি আইন’-এর লঙ্ঘন হিসেবে অভিহিত করে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায়।

পিসিবির অভিযোগে বলা হয়, ‘একজন নিরপেক্ষ ও আইসিসি নিযুক্ত ম্যাচ রেফারি হয়েও পাইক্রফট এমন আচরণ করেছেন যা খেলার চেতনার পরিপন্থী এবং খেলার ভাবমূর্তির ক্ষতি করেছে। তিনি দুই দলের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং বরং উল্টো বাজে পরিস্থিতি সৃষ্টি করেছেন।’ কিন্তু এ বিষয়ে আইসিসির কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তাই অভিযোগ ধোপে টেকেনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রকৃতপক্ষে পাইক্রফট নিজে কোনো সিদ্ধান্ত নেননি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মাঠের কর্মকর্তারাই তাকে জানিয়েছিলেন যে টসের সময় দুই দলের মধ্যে হাত না মেলানোর একটি সিদ্ধান্ত হয়েছে। এই তথ্যেই আইসিসি নিশ্চিত হয়ে পিসিবির আবেদন খারিজ করে দেয়। আইসিসি চিঠিতে পরিষ্কার জানায় যে পাইক্রফট কোনো পক্ষপাতমূলক ভূমিকা পালন করেননি।

আগামীকাল বুধবার দুবাইয়ে এশিয়া কাপের মঞ্চে আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করবেন পাইক্রফট। এর আগে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, পাইক্রফটকে না সরালে তারা আমিরাত ম্যাচটি খেলবে না। আইসিসির রায় ঘোষণার পর এখন দেখার বিষয়, পাকিস্তান আদৌ বুধবারের ম্যাচটি খেলে কিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত