রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পদ্মা নদীতে তীব্র স্রোত ও ঘাট বন্ধ হয়ে যাওয়ায় শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে বাধ্য হচ্ছে। এতে ঘাট এলাকায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ক্যানালঘাট পর্যন্ত সরেজমিনে দেখা যায়, দুই সারিতে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ শতাধিক গাড়ি। যাত্রী ও পরিবহন শ্রমিকদের দীর্ঘ অপেক্ষার কারণে ভোগান্তি চরমে পৌঁছেছে।
লোকাল বাসের যাত্রী জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, “এক ঘণ্টারও বেশি সময় ধরে ফেরিঘাটে আটকে আছি। ছোট বাচ্চা নিয়ে প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীসেবার কোনো ব্যবস্থা নেই।”
কুষ্টিয়া থেকে আসা ট্রাকচালক নুরুল ইসলাম জানান, “ট্রাকে নষ্ট হওয়ার মতো পণ্য রয়েছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।”
যশোর থেকে আসা ট্রাকচালকের সহকারী শহিদুল ইসলাম বলেন, “দিন-রাত এখানে পড়ে থাকতে হচ্ছে। খাওয়ার ও ঘুমানোর কোনো ঠিকঠাক ব্যবস্থা নেই। পরিস্থিতি দিন দিন অসহনীয় হয়ে উঠছে।”
ফেরিঘাট সূত্রে জানা যায়, পদ্মার প্রবল স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিকভাবে ঘাটে ভিড়তে পারছে না। সাতটি ঘাটের মধ্যে চারটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর মধ্যে সম্প্রতি ৭ নম্বর ঘাটও বন্ধ হয়ে যায়। সোমবার রাতে ৩ নম্বর ঘাটের পন্টুনের ফিঙ্গার পিন ভেঙে গেলে সেটিও অচল হয়ে পড়ে। বর্তমানে শুধু ৪ নম্বর ঘাটের একটি পকেট দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ৩ নম্বর ঘাটের পন্টুন মেরামতের কাজ চলছে। সেটি চালু হলে চাপ অনেকটা কমে যাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ১০টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে প্রতিদিন হাজারো মানুষ রাজধানী অভিমুখে দৌলতদিয়া ঘাট ব্যবহার করেন। কিন্তু ঘাট সংকট ও তীব্র স্রোতের কারণে যাত্রীসাধারণের দুর্ভোগের পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সর্বশেষ দৌলতদিয়ায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) ঘুরে দেখা যায় ঘাটের চিত্র আগের মতই রয়েছে তবে ৩ নং ঘাট টি পুনরায় চালু হওয়াতে গাড়ির চাপ ধীরে ধীরে কমা শুরু করছে।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়তে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম রাশেদ খানের
কুমিল্লায় জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৭
গণহত্যা সমর্থনকারীদের পাপের কথা ইতিহাস মনে রাখবে