দ্বিতীয়ার্ধেই ৮ গোল, জুভেন্টাস-ডর্টমুন্ড ম্যাচ রোমাঞ্চকর ড্র

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ এএম

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিল জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ড। তুরিনে মঙ্গলবার রাতে খেলা এই ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে গোলের উৎসব। বিরতির পর মাত্র ৪৪ মিনিটে দুই দল মিলে গোল করে ৮ বার! শেষ মুহূর্তে লয়েড কেলির হেডে ভর করে ৪-৪ সমতা নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

গোল উৎসবের শুরু হয় ৫১ মিনিট থেকে। কারিম আদেয়েমি দুর্দান্ত শটে ডর্টমুন্ডকে এগিয়ে নেন। ৬২ মিনিটে কনান ইলদিজের দুর্দান্ত দূরপাল্লার শটে সমতা ফেরায় জুভেন্তাস। ৬৪ মিনিটে ফেলিক্স নেমেচার টপ কর্নারে শটে ফের এগিয়ে যায় ডর্টমুন্ড। ২ মিনিট পর সমতা ফেরান জুভেন্টাসের ভ্লাহোভিচ। 

ম্যাচের ৭১ মিনিটে পোস্টের খুব কাছ থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন ডর্টমুন্ডের ইয়ান কৌটো। ৭ মিনিট পর রামি বেনসেবাইনি পেনাল্টি থেকে গোল করলে আরও পিছিয়ে পড়ে জুভেন্টাস। তারপরই আসে সেই মুহূর্ত। ৯৪ মিনিট ভ্লাহোভিচ  করেন দ্বিতীয় গোল আর ৯৬ মিনিটে দুর্দান্ত হেডে রোমাঞ্চকর ম্যাচে সমতা টানেন লয়েড কেলি। 

এটি চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের মাত্র দ্বিতীয় ম্যাচ, যেখানে এক অর্ধে আটটি গোল হয়েছে। গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ৯-২ গোলে দিনামো জাগরেবকে হারানোর সময় শেষ অর্ধে হয়েছিল সমসংখ্যক গোল। ম্যাচ শেষে জুভেন্টাস কোচ ইগর তুদোর বলেন,  'এক অর্ধে ৮ গোল—এটা ব্যাখ্যা করাই কঠিন। ফুটবলে শেষ বাঁশি বাজা পর্যন্ত কিছুই শেষ হয় না। আমরা নিজেদের ওপর আস্থা রেখেছিলাম, সেটারই ফল পেয়েছি।'

ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক সেবাস্টিয়ান কেল বলেন,  “দ্বিতীয়ার্ধে দুই দলই দুর্দান্ত খেলেছে। ম্যাচটা ওঠানামা করেছে, উন্মুক্ত ছিল, দর্শকদের জন্য দারুণ উপভোগ্য।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত