চার দিন আগে শার্লট গোলকিপারের হাতে পেনাল্টি মিস করে সমালোচনার মুখে পড়েছিলেন লিওনেল মেসি। লিগস কাপ ফাইনাল হারের পর চার্লট এফসির কাছেও একই ব্যবধানে হেরেছিল ইন্টার মায়ামি। কিন্তু মাত্র ৭২ ঘণ্টা পর মেজর লিগ সকারে লিগস কাপ চ্যাম্পিয়ন সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ইন্টার মায়ামির ৩–১ জয়ে একটি গোল, একটি অ্যাসিস্ট, আরও একাধিক দৃষ্টিনন্দন আক্রমণ দিয়ে অবদান রাখলেন মেসি।
চেজ স্টেডিয়ামে মেসি করেন দ্বিতীয় গোল। প্রথমার্ধের ৪০ মিনিটে জর্দি আলবার নিখুঁত পাস ধরে নাম্বার নাইনের ভূমিকায় গোলরক্ষকের আগে পৌঁছে যান তিনি। এটা ছিল মেসির ক্যারিয়ারের ৮৮০তম গোল। ৩৮ বছর ৮৪ দিন বয়সে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন মেসি। এই মাইলফলকে পৌছানে ক্রিশ্চিয়ানো রোনালদোর লেগেছিল ৩৯ বছর ৫৪ দিন।
এর আগে ম্যাচের শুরুর ১১ মিনিটেই মেসির পাস থেকে গোল করেন আলবা। এটি ছিল মেসির ক্যারিয়ারের ৩৯০তম অ্যাসিস্ট। সব মিলিয়ে বার্সেলোনা-মায়ামি মিলিয়ে মেসি-আলবা জুটির ৪০৮ ম্যাচে ৪৬ গোল।
প্রথমার্ধেই আরও এক অনন্য গোল করতে পারতেন আর্জেন্টাইন তারকা। অফসাইডের প্রায় লাইনে দাঁড়িয়ে ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ে নিখুঁত শট নেন মেসি, কিন্তু পোস্টে লেগে ফিরে আসে বল। ৪৩ মিনিটে অলেন্দের সঙ্গে ওয়ান-টু করে আরেকটি শট নেন, সিয়াটল গোলকিপার শেষ মুহূর্তে বাঁচান তা। দ্বিতীয়ার্ধেও কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও ভাগ্য সহায় হয়নি।
এমএলএসে এটি মেসির চলতি মৌসুমের ২০তম গোল, শীর্ষ গোলদাতা স্যাম সুরিজের চেয়ে মাত্র এক গোল পিছিয়ে তিনি। সব মিলিয়ে ২০২৫ সালে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৪০–এ।
এই জয়ে ইন্টার মায়ামি প্লে-অফ জোনে ফিরেছে। ইস্টার্ন কনফারেন্সে ৪৯ পয়েন্ট নিয়ে তারা এখন পঞ্চম স্থানে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে, তবে হাতে আছে আরও তিনটি ম্যাচ। আগামী শনিবার নিজ মাঠে ডিসি ইউনাইটেডের মুখোমুখি হবে দলটি।
দ্বিতীয়ার্ধেই ৮ গোল, জুভেন্টাস-ডর্টমুন্ড ম্যাচ রোমাঞ্চকর ড্র