হবিগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে বাসচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দিনারপুর কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লার সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) ও তার ছেলে তকি (৪)। ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শামিমা ছেলেকে নিয়ে উপজেলার দিনারপুরে আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে তারা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।  

এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটক করার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত