গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতার জেরে কলেজ ছাত্র খুনের চাঞ্চল্যকর ঘটনায় আত্মগোপনে থাকা কিশোর গ্যাং লিডার পিচ্ছি আকাশ ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। যৌথ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী টাঙ্গাইল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে র্যাব গ্রেপ্তারকৃতদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করলে বুধবার দুপুরে পুলিশ আসামিদের গাজীপুর জেলা হাজতে পাঠায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জের মধ্যনগর থানার জয়পুর এলাকার মজিবর রহমানের ছেলে মো. আকাশ ওরফে পিচ্ছি আকাশ (২৭) এবং কালিয়াকৈর থানার বিশ্বাসপাড়া এলাকার শুকুর আলীর ছেলে সৌরভ (২১)।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং লিডার পিচ্ছি আকাশ দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় বসবাস করে নানা অপকর্ম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে।
গত ২০২৪ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে পূর্ব শত্রুতার জেরে পিচ্ছি আকাশ ও তার দলবল ওই এলাকার হারুনের বেকারির সামনে কলেজ ছাত্র আবুল কালাম আজাদকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার পর পিচ্ছি আকাশ আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় পিচ্ছি আকাশ ও ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে আসামিদের গ্রেপ্তারে র্যাব-১ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল ২টার দিকে র্যাব-১ ও র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে টাঙ্গাইলের বাসাইল থানার করাতিপাড়া এলাকা থেকে আত্মগোপনে থাকা পিচ্ছি আকাশকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি স্পকেট চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। একই স্থান থেকে ওই কিশোর গ্যাং লিডারের অন্যতম সহযোগী সৌরভকেও গ্রেপ্তার করে র্যাব।
পরে র্যাব-১ ওইদিন রাতেই গ্রেপ্তারকৃতদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করে। পরের দিন বুধবার দুপুরে তাদের গাজীপুর জেলা হাজতে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত পিচ্ছি আকাশ ও তার সহযোগীকে বুধবার দুপুরে গাজীপুর জেলা হাজতে পাঠানো হয়েছে।
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
ছাঁটাইয়ের দুই সপ্তাহ না যেতেই পুরনো ক্লাবে নতুন চাকরি মরিনহোর
শিক্ষার্থীদের মারধর, প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অবরোধ