সপ্তাহ দুয়েক আগেই তুর্কি ক্লাব ফেনেরবাচে থেকে বরখাস্ত হয়েছিলেন পর্তুগিজ কিংবদন্তি কোচ হোসে মরিনহো। এবার জানা গেল, মরিনহোর নিজ দেশের ক্লাব বেনফিকা তাকে কোচ হিসেবে পেতে চায়। এই প্রস্তাবে নাকি মরিনহোও রাজি হয়েছেন। 'দ্য স্পেশাল ওয়ান'কে বেনফিকায় ফেরানোর জন্য প্রক্রিয়া শুরু হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে কারাবাখের বিপক্ষে ৩-২ গোলে হারের কোচ ব্রুনো লাগেকে বরখাস্ত করেছে বেনফিকা। মৌসুমে নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ হেরে যাওয়ায় সমর্থকেরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন, যার পরই বেনফিকা কর্তৃপক্ষ কোচকে বিদায় জানায়। তার জায়গায় মরিনহোকেই সবচেয়ে উপযুক্ত উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইউরোপের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বেনফিকা ও মরিনহোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা চলছে। কারাবাখের বিপক্ষে হারের পর বেনফিকা সভাপতি রুই কস্তা বলেন, ‘বেনফিকার কোচ হতে হলে অবশ্যই জয়ের ক্ষুধা থাকতে হবে। এই ক্লাবের মান রক্ষা করতে ও শিরোপা জিততে সক্ষম এমন একজন কোচকেই দায়িত্ব দেওয়া হবে। আমরা চাই শনিবারের ম্যাচের আগেই নতুন কোচ নিয়োগ দিতে।’
৬২ বছর বয়সী মরিনহোর কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০০ সালে বেনফিকায়, যদিও তিনি মাত্র ১০ ম্যাচ পরই দল ছেড়েছিলেন। পরবর্তীতে পোর্তোকে ২০০৩ সালে উয়েফা কাপ এবং ২০০৪ সালে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়ে ইউরোপিয়ান ফুটবলে নিজেকে প্রতিষ্ঠা করেন। এবার প্রায় ২৫ বছর পর নিজের মাতৃভূমিতে ফেরা নিঃসন্দেহে তার জন্য বিশেষ আবেগঘন অধ্যায় হতে যাচ্ছে।
আগামী ৩০ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লিগে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ আছে বেনফিকার। সেই ম্যাচেই কি মরিনহোকে বেনফিকার ডাগ-আউটে দেখা যাবে? ২০১৫ সালে চেলসির হয়ে লিগ শিরোপা জেতার পর আর কোনো লিগ ট্রফি জিততে পারেননি মরিনহো। বেনফিকায় ফেরার লক্ষ্য হবে লিগা পর্তুগাল শিরোপা জেতা, যদিও ৫ ম্যাচ শেষে দলটি বর্তমানে পোর্তোর চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে।
আফ্রিদিকে ‘কুকুর’ বলায় সূর্যকুমারকে ‘শুকর’ বলেছেন ইউসুফ
‘গাঁজা খেলে ৬ মাসের নিষেধাজ্ঞা; বাচ্চার কাশির সিরাপ খেলে কেন ২ বছর?’
জামাইয়ের পারফর্মেন্স ভালো নয়, রেগে আগুন শ্বশুর আফ্রিদি
গোল-অ্যাসিস্টে অসাধারণ এক জয় মেসির