পুচকে ইউনিয়ন এসজি আর কারাবাখের চ্যাম্পিয়নস লিগ চমক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

চ্যাম্পিয়নস লিগের মঙ্গলবারের রাত ছিল আন্ডারডগদের উৎসবের। বেলজিয়ামের ইউনিয়ন এসজি (ইউনিয়ন সাঁ-জিলোয়াজ) অভিষেকেই নেদারল্যান্ডসের জায়ান্ট পিএসভি আইন্দহোভেনকে ৩–১ গোলে হারিয়ে চমকে দিয়েছে। অন্যদিকে আজারবাইজানের কারাবাখ দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে পর্তুগালের বেনফিকাকে হারিয়েছে ৩–২ গোলে। দুটো দলই বাছাইপর্ব পেরিয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে। 

কারাবাখের মহাকাব্যিক কামব্যাক

২০১৭-১৮ চ্যাম্পিয়নস লিগ মৌসুমে প্রথমবার মূলপর্বে খেলেছিল কারাবাখ। সেবার চেলসি-রোমা-আতলেতিকো মাদ্রিদদের সঙ্গে ৬ ম্যাচের জিততে পারেনি কোনোটি। এবার নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের মূলপর্বের প্রথম ম্যাচ খেলতে নেমেই ১৬ মিনিটের মধ্যে দুগোল খেয়ে পিছিয়ে পড়েছি। কিন্তু হাল ছাড়েনি কারাবাখ।

কামিলো দুরান (বায়ে) সমতাসূচক গোল করার পর সতীর্থদের নিয়ে উদযাপন করেন

৩০ মিনিটে লিয়ান্দ্রো আন্দ্রাদে ব্যবধান কমান, বিরতির পরই কামিলো দুরান গোল করে সমতা ফেরান। আর ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় ওলেক্সি কাশচুক বিজয়সূচক গোল করে নায়ক হয়ে ওঠেন। এই হারে বেনফিকা তাদের কোচকে বরখাস্ত করেছে। 

ইউনিয়ন এসজি’র স্বপ্নের রাত

৯০ বছর পর ২০২৪-২৫ মৌসুমের বেলজিয়ান লিগ জয়ী ইউনিয়ন এসজি বাছাইপর্ব পেরিয়ে  প্রথমবার চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে খেলার সুযোগ করে নেয়। আর প্রথম ম্যাচ খেলতে নেমেই পিএসভি আইন্দহোভেনকে হারিয়ে ফিলিপস স্টেডিয়াম স্তব্ধ করে দিয়েছে তারা। নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইউনিয়ন এসজিকে এগিয়ে দেন কানাডিয়ান প্রমিজ ডেভিড। 

বিরতির আগেই আনোয়ার আইত এল হাজ দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮১ মিনিটে কেভিন ম্যাক অ্যালিস্টার (লিভারপুল তারকা আলেক্সিসের ভাই) গোল করে দলকে ৩–০ তে এগিয়ে নেন। শেষ মুহূর্তে রুবেন ফান বোমেল একটি গোল শোধ করলেও তাতে আর কিছুই বদলায়নি। ক্লাব ব্রুজের পর দ্বিতীয় বেলজিয়ান ক্লাব ইউনিয়ন এসজি যারা অভিষেকেই ম্যাচ জিতলো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত