হাতিয়ার ১৮ বছর বয়সী তৌহিদের উচ্চতা ২৮ ইঞ্চি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি শিশু, যা দূর থেকে দেখলে মনে হবে তার বয়স মাত্র তিন বা চার বছর। 

শরীরের অবস্থার কারণে শারীরিক অক্ষমতা কিছুটা প্রকাশ পেলেও প্রথম দেখায় বোঝার উপায় নেই যে, তার বয়স প্রকৃতপক্ষে ১৮ বছর। 

শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়ে ২৮ ইঞ্চিতে আটকে আছে ১৮ বছর বয়সী হাতিয়ার চরকিং ইউনিয়নের বাসিন্দা তৌহিদ হোসেন।

তৌহিদের জন্ম ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নং ওয়াডে ফারুক ও জাহেদা দম্পতির পরিবারে। 

দুই ভাই ও এক বোনের মধ্যে তৌহিদ সবার ছোট। জন্মের পর থেকে সম্পূর্ণ সুস্থ থাকা তৌহিদের শারীরিক অক্ষমতা দেখা দেয় তিন বছর বয়সে। শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেওয়ার পর স্থানীয় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নেওয়া হলেও তাতে কোনো বিশেষ উন্নতি হয়নি। পারিবারিক অসচ্ছলতার কারণে তৌহিদকে উপজেলার বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার অবস্থা নাই পরিবারের।

স্থানীয়রা জানান, স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়েও তৌহিদ এলাকার সবার কাছে খুব প্রিয়। সবাই তাকে নিয়ে খেলাধুলা এবং দুষ্টমিতে মেতে থাকে। প্রতিবেশীরা একদিন তাকে না দেখলে বাড়িতে গিয়ে খোঁজ নেয়। 

তৌহিদের বাবা ফারুক জানান, তৌহিদের বয়স বর্তমানে ১৮ বছর। পরিবারের ভরণপোষণ ও দুই সন্তানের পড়াশোনার খরচ চালিয়ে তৌহিদের চিকিৎসা করানোর সামর্থ্য তাদের নেই।

চরকিং ইউনিয়নের দঃ গামছাখালী দারুসসালাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিক বিদ্যালয়ে পড়ার বয়স না থাকায় তৌহিদকে আমাদের মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। অন্যান্য শিক্ষার্থীদের সাথে মাদ্রাসায় এসে পড়াশোনা করে। তার মেধা ভালো। পড়াশোনায় সময় দিলে ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারবে।”

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, “তৌহিদের ব্যাপারে আমরা খোঁজ নিয়েছি। ইতোমধ্যে তার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে আবেদন করলে সরকারি প্রশিক্ষণের মাধ্যমে তাকে সুস্থ করার বিষয়েও আমরা চেষ্টা করব।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত