এশিয়া কাপে সুপার ফোরে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সাম্প্রতিক পরিসংখ্যান, মাঠের চরিত্র ও দুই দলের আগের লড়াই—সব মিলিয়ে ম্যাচটি বাংলাদেশের জন্য বড় পরীক্ষা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন পর্যন্ত হয়েছে ৯৮টি টি-টোয়েন্টি। এর মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে ৪৮ বার, আর রান তাড়া করা দল জিতেছে ৫০ বার—মানে প্রায় সমান সমান। প্রথম ইনিংসে গড় স্কোর মাত্র ১৪৪। অর্থাৎ উইকেট তুলনামূলক ধীর, বড় রান তুলতে গেলে ধৈর্য ধরে খেলতে হয়। তবে এখানেই শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ২০২২-এর এশিয়া কাপে রেকর্ড রান ১৮৪ রান তাড়া করে জিতেছে ৪ বল হাতে রেখে।
গ্রুপ পর্বে মুখোমুখি হওয়া ম্যাচে বাংলাদেশ ১৩৯ রানের বেশি তুলতে পারেনি। লঙ্কানরা সহজেই ৩২ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয়। সেই হারের ক্ষত এখনও তাজা, যা আজকের ম্যাচে বাড়তি চাপ হিসেবে কাজ করতে পারে।
বাংলাদেশের করণীয় কী?
টপ অর্ডার: আগের ম্যাচে প্রথম দিকেই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। আজ টপ অর্ডারকে দীর্ঘ ইনিংস খেলতে হবে।
মাঝের ওভার: দুবাইয়ে মাঝের ওভারগুলোতে রান বের করা কঠিন হয়। তাই সিঙ্গেলস-ডাবলস ঘুরিয়ে খেলা জরুরি।
বোলিং শৃঙ্খলা: দুবাইয়ের উইকেটে হঠাৎ করে ব্যাটাররা সেট হয়ে গেলে থামানো কঠিন হয়ে যায়। তাই পাওয়ার প্লেতে এবং ডেথ ওভারে নির্ভুল বোলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান/তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
মাইনর লিগে সাকিবের দারুণ শুরু