হিলিতে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৬০-৮০ টাকা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৬০ থেকে ৮০ টাকা। ঊর্ধ্বমুখী বাজারে শুকনা মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ। সরবরাহের ধারা এমন থাকলে সামনে দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। 

শনিবার (২০ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই শুকনা মরিচের বেশ ভালো সরবরাহ লক্ষ্য করা গেছে। যার কারণে শুকনা মরিচের দাম আগের তুলনায় নিম্নমুখী রয়েছে। এক সপ্তাহ আগে কেজি প্রতি ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৬০টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা মিনহাজুল ইসলাম বলেন, বাড়তি দামের কারণে আগে চাহিদার তুলনায় কম মরিচ কেনা হতো। এখন দাম কমায় চাহিদামত কিনতে পারছি আমরা। এতে আমাদের মত মানুষদের টাকা সাশ্রয় হচ্ছে। 

হিলি বাজারে বিক্রেতা শাকিল খান জানান, এতদিন বাজারে শুধুমাত্র বগুড়া অঞ্চলের শুকনা মরিচের সরবরাহ ছিল। ইতোমধ্যেই উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শুকনা মরিচের মোকাম পঞ্চগড়ের বিন্দু জাতের শুকনামরিচ বাজারে আসতে শুরু করেছে। যার কারণে বাজারে আগের তুলনায় শুকনা মরিচের সরবরাহ যেমন বেড়েছে তেমনি দাম কমতে শুরু করেছে।

এছাড়া ভারত থেকেও শুকনা মরিচ আমদানি হচ্ছে ফলে বাজারে সরবরাহ বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে থাকলে দাম শিথিল থাকবে বলে আশা করেন এই বিক্রেতা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত