অবশেষে স্বস্তিতে নচিকেতা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনো প্রমাণ না পাওয়ায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালতের এমন রায়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন দুই বাংলার আলোচিত সংগীতশিল্পী। নচিকেতার বিরুদ্ধে ধর্মীয় আঘাতের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মামলা করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু বিচারপতি অজয়কুমার গুপ্ত নির্দেশে তা খারিজ হয়ে গেল।  

জানা গেছে, একটি লাইভ শোতে রামকে নিয়ে নামে তির্যক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে। তা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার শামিল। এ নিয়ে শ্যামপুকুর থানার তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। বিষয়টি গড়ায় আদালত পর্যন্তও। 

বিচারপতি অজয় কুমার গুপ্ত জানিয়েছেন, অভিযোগ গুরুতর হলেও তার কোনো প্রমাণ মেলেনি, শুধুমাত্র সামাজিকমাধ্যমের ক্লিপিংসের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে কোনো তারিখ বা স্থানেরও  কোনো উল্লেখ নেই। 

পাশাপাশি, অভিযোগ অনুযায়ী গায়কের ওই মন্তব্যের প্রেক্ষিতে কোনও হিংসার ঘটনাও পুলিশি রিপোর্টে উল্লেখ নেই। অর্থাৎ উস্কানি বলে প্রমাণ করা যাচ্ছে না। তাই এই অভিযোগ আদালত গ্রাহ্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে না। আর এসব তথ্য প্রমাণের অভাবেই গায়কের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই রায়ে নিঃসন্দেহে স্বস্তিতে নচিকেতা চক্রবর্তী।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত