চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ ও ঋণসংক্রান্ত ২৩ বস্তা নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালকের বাড়িতে এ অভিযান চালানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার ওই গাড়িচালক ইলিয়াস তালুকদারের (৫০) বাড়িতে দুদফা অভিযান চালানো হয়। তবে ওই সময় কোন নথিপত্র উদ্ধার করতে পারেনি দুদক।
গত ১৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকা থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই সহযোগী আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে দুদক সূত্র জানিয়েছে।
দুদক সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুই সহযোগী আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদে দুদক জানতে পারে সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী রুখমিলার ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়িতে কয়েক বস্তা নথিপত্র লুকিয়ে রাখা হয়েছে। এরপর নথিপত্র উদ্ধারে গত বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালায় দুদক। কিন্তু এ সময় তার বাড়িতে কোনো নথিপত্র পাওয়া যায়নি। তবে অভিযানের সময় আশপাশের কিছু সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়।
অভিযানকালে গাড়িচালক ইলিয়াস তালুকদারকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী লাকী আকতার (৩০) ও প্রতিবেশী সাহাব উদ্দিন তালুকদারের স্ত্রী ঝুমা আকতারকে (২৬) আটক করে নিয়ে যায় দুদক। পরে মুচলেকা নিয়ে তাদেরকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়। পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দিতে নির্দেশনা দিয়ে চলে যান দুদক কর্মকর্তারা।
এদিকে, জব্দ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার রাতে আবারও অভিযান চালায় দুদক। প্রায় দুই ঘণ্টার অভিযানে ২৩ বস্তা বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান। এ সময় তার সঙ্গে দুদকের একটি টিম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দুদক জানিয়েছে, বস্তাগুলোয় সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের নথি, বিল পরিশোধের তথ্য ও ভাড়া আদায়ের আলামত আছে।
এ বিষয়ে দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান বলেন, আমরা সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ঋণ সংক্রান্ত ও বিদেশে থাকা সম্পদ নিয়ে অনুসন্ধানকালে এ বিষয়ে সংশ্লিষ্ট আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে রিমান্ডে নিই। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে আমরা ২৩ বস্তা নথিপত্র জব্দ করেছি। এগুলো আমাদের কার্যালয়ে নিয়ে প্রতিটি নথি যাছাই বাচাই করা হবে। এরপর এ বিষয়ে আমরা বিস্তারিত বলতে পারব।
দুদক সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া উৎপাল পাল আরামিট গ্রুপের এজিএম হলেও দীর্ঘদিন ধরে সাবেক ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশে সম্পদ ক্রয় ও দেখাাশোনার দায়িত্ব পালন করতেন। প্রাথমিক অনুসন্ধানে তার কাছ থেকে দুদকের জব্দ করা দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন ডিভাইস থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।
দুদক আরও জানায়, উৎপল পাল দেশ থেকে দুবাই হয়ে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচার প্রক্রিয়ার মূল হোতা। অন্যদিকে আব্দুল আজিজ আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক ভূমিমন্ত্রীর সম্পত্তি কেনাবেচা, ভাড়া ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।
এর আগে গত ২৪ জুলাই দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩১ জনকে আসামি করে মামলাটি করেছিলেন। মামলায় জাবেদ ছাড়াও উল্লেখযোগ্য আাসামিরা হলেন জাবেদের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ব্যাংকের পরিচালক ও জাবেদের ভাই আসিফুজ্জামান চৌধুরী জিমি, জাবেদের বোন রোকসানা জামান চৌধুরী ও ব্যাকের সাবেক পরিচালক বশির আহমেদ।
এবারের ব্যালন ডি'অর জয়ীর নাম জানেন রোনালদিনহো
দুর্নীতির অভিযোগে মাদরাসা সুপারের পদত্যাগের দাবি
ভারত-পাকিস্তানসহ ৭টি যুদ্ধ থামিয়েছি, আমার নোবেল পাওয়া উচিত