যেভাবে ব্যালন ডি’অর জিতে ফুটবলের নতুন সম্রাট হলেন দেম্বেলে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ এএম

২০২১ সালে বার্সেলোনার সাবেক কোচ জাভি এক সাহসী মন্তব্য করেছিলেন— ‘সঠিকভাবে ব্যবহার করা গেলে, দেম্বেলে হতে পারে বিশ্বের সেরা খেলোয়াড়’। বছরের পর বছর চোট, ফর্মহীনতা আর শৃঙ্খলা নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়া ফরাসি তারকা উসমান দেম্বেলে অবশেষে প্রমাণ করলেন সেই ভবিষ্যদ্বাণী। ২৮ বছর বয়সে ব্যালন ডি’অর জয় করে লিখলেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়।

প্যারিসের ঝলমলে মঞ্চে সেরার পুরস্কার হাতে নিয়ে পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন দেম্বেলে। তার ক্যারিয়ারের উত্থান-পতনের গল্প যেন ফুটে ওঠে সেই কান্নায়। গত মৌসুমে দেম্বেলের অসাধারণ পারফরম্যান্সে পিএসজি জিতেছে লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ—ত্রিমুকুট সাফল্য। এরপর ক্লাব বিশ্বকাপের ফাইনালেও পৌঁছেছিল দল। মৌসুমে দেম্বেলের নামের পাশে ৩৫ গোল ও ১৪টি অ্যাসিস্ট, যা তাকে ইউরোপের সবচেয়ে ফর্মে থাকা ফরোয়ার্ডে পরিণত করেছে।

যদিও তার এই অর্জন সহজ ছিল না। দেম্বেলেকে হার মানাতে হয়েছে লিভারপুলের মোহাম্মদ সালাহকে—যিনি ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোল অবদান রেখেছেন। হারাতে হয়েছে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে—যিনি করেছেন আরও বেশি গোল। আর বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার ঝলকও ম্লান হয়ে গেছে দেম্বেলের সামনে।

২০২৩ সালে মাত্র ৪৩.৫ মিলিয়ন পাউন্ডে দেম্বেলেকে দলে টানে পিএসজি। প্রথম মৌসুমে তিনি গোলের চেয়ে অ্যাসিস্টে বেশি মনোযোগী ছিলেন। কিন্তু এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ায় প্যারিসের ক্লাবটি বল পায়ে নতুন নেতা খুঁজছিল। অবশেষে সেই শূন্যস্থান পূরণ করলেন দেম্বেলে। কোচ লুইস এনরিকে তাকে বলেছিলেন, ‘এখন আমরা চাই তুমি গোল করো, স্বার্থপর হও, এগিয়ে যাও।’

সেই আস্থার প্রতিদান দিয়ে দেম্বেলে হয়ে ওঠেন পিএসজির মেরুদণ্ড। তার ৫১ গোলে অবদান ক্যারিয়ারের সর্বোচ্চ এবং দ্বিগুণেরও বেশি। আগে ডান প্রান্তে খেলা দেম্বেলে এখন খেলছেন ‘ফলস নাইন’ হিসেবে। এখানে তিনি বল স্পর্শ করেন বেশি, সুযোগ পান ফিনিশিংয়ের, আর তৈরি করেন গোল করার মানসিকতা। এই বদলই এনে দিয়েছে নতুন দেম্বেলেকে—যিনি আজ বিশ্বসেরা। শেষ পর্যন্ত জাভির সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হলো। উসমান দেম্বেলে, ব্যালন ডি’অর জেতা নতুন ফুটবল সম্রাট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত