ফখরকে আউট দিয়ে আইপিএলের পথ পরিস্কার করেছেন আম্পায়ার –দাবি আফ্রিদির

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। হার্দিক পান্ডিয়ার বলে পাকিস্তানের ওপেনার ফখর জামানকে আউট দিয়েছিলেন টিভি আম্পায়ার শ্রীলংকার রুচিরা পাল্লিয়াগুরুগে। অনেকেই দাবি করছেন, কিপারের গ্লাভসে যাওয়ার আগে বল মাটি ছুঁয়েছে। এ নিয়ে আইসিসিতে অভিযোগও করেছে পিসিবি। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন শহিদ আফ্রিদি।

পাকিস্তানের ‘সামা টিভি’তে আম্পায়ারকে উদ্দেশ্য করে দেশটির সাবেক অধিনায়ক আফ্রিদি বলেন, ‘ওনাকে তো আইপিএলেও আম্পায়ারিং করতে হবে’। আলোচনায় উপস্থিত সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফও আফ্রিদির সঙ্গে একমত হয়ে বলেন, ‘ওরা অনেকগুলো অ্যাঙ্গেলই দেখেনি। ফখর তিনটি চার মেরেছিল এবং প্রথম ওভারেই বুমরাকে সহজে সামলেছিল। ভারতের জন্য তার উইকেটটা ছিল খুব গুরুত্বপূর্ণ।’

ক্যাচ বিতর্কে পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা ম্যাচ রেফারি ও আম্পায়ারদের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন বলে জানা গেছে। তাদের দাবি, টিভি আম্পায়ার সব অ্যাঙ্গেল ব্যবহার করেননি এবং যে প্রমাণ দেখানো হয়েছে, তা স্পষ্ট ও চূড়ান্ত ছিল না। ঘটনার সময় ফখর ৯ বলে ১৫ রান করেছিলেন। আউটের সিদ্ধান্তে হতাশ হয়ে তাকে মাথা নেড়ে ড্রেসিংরুমে ফিরতে দেখা যায়।

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেছিলেন, আউট নিয়ে তার সন্দেহ আছে। এছাড়া পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তকে ‘ভুল’ বলেছেন। তার ভাষায়, ‘ফখর আউট ছিল না। ২৬টা ক্যামেরা থাকা সত্ত্বেও তৃতীয় আম্পায়ার কেন শুধু দুটি অ্যাঙ্গেল দেখল? ফখর উইকেটে থাকলে ম্যাচের গতিপথ অন্যরকম হতো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত