এশিয়া কাপের মঞ্চে এক সপ্তাহের ব্যবধানে দুইবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। সেই ধারাবাহিকতা তুলে ধরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সম্প্রতি বলেছেন, এখন আর ভারত-পাকিস্তান ম্যাচকে “প্রতিদ্বন্দ্বিতা” বলা যায় না। তার ভাষায়, “রাইভ্যালরি তখনই হয় যখন দুই দল ১৫–২০ ম্যাচ খেলে, আর ফলাফলে ব্যবধান থাকে ৮-৭। এখানে তো ৩-০ বা ১০-১ এর মতো কিছু একটা চলছে। এটা আর কোনো রাইভ্যালরি নয়।”
সূর্যর এমন মন্তব্যে পাকিস্তানি সমর্থকদের মধ্যে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি জবাব দিয়েছেন পেসার শাহীন শাহ আফ্রিদিও। আজ এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ও যা খুশি বলুক। এখনো তো ওরা ফাইনালে ওঠেনি, আমরাও উঠিনি। সময় এলে দেখা যাবে। আমাদের কাজ হলো জেতা। আমরা এশিয়া কাপ জিততে এসেছি। ইনশাআল্লাহ আমাদের সেরাটা দেব।”
শুধু বলেই নয়, ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে চান শাহীন। তার ভাষায়, “বোলিং, ফিল্ডিং কিংবা ব্যাটিং—যা-ই করি না কেন, চেষ্টা থাকে শতভাগ দেওয়ার। আমি অসুস্থ থাকি বা ইনজুরিতে ভুগি, সেটা বাইরে থেকে যেন বোঝা না যায়। মাঠে নেমে সবসময় চেষ্টা করি সতীর্থদের মনোবল বাড়াতে এবং পুরো শক্তি দিয়ে খেলতে।”
মঙ্গলবার শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে টিকে আছে পাকিস্তানের ফাইনালের আশা। এখন বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে কার্যত নকআউট ম্যাচে নামবে আফ্রিদির পাকিস্তান।
একিটিকে গোল করে জিতিয়েও 'স্টুপিড' বকুনি খেলেন লিভারপুল কোচের
১৩৩ ধাপ লাফিয়েও অভিষেক শর্মার ৮০ ধাপ নিচে সাইফ হাসান