ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না ট্রাম্প

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ এএম

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেবেন না বলে কড়া অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গাজা নিয়ে সমঝোতা খুব শিগগিরই হতে পারে বলে আশাবাদও ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের ঠিক একদিন আগে গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না... এটা কোনোভাবেই ঘটবে না।’ 

তিনি আরও জানান, গাজা নিয়ে সমঝোতা ‘প্রায় কাছাকাছি’ পৌঁছে গেছে।

আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। এর আগে তিনি মধ্যপ্রাচ্যের একাধিক নেতার সঙ্গেও আলোচনায় বসেছেন। ট্রাম্প বলেন, ‘আমরা গাজা নিয়ে সমঝোতার খুব কাছাকাছি চলে এসেছি, হয়তো শান্তিও হতে পারে।

গাজায় যুদ্ধ ও পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। ইউরোপের কয়েকটি দেশ সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। গত রবিবার কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল প্রথমে এ স্বীকৃতি দেয়। পরে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, সান মারিনো, অ্যান্ডোরা ও ডেনমার্ক একই সিদ্ধান্ত নেয়।

তবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করছে। ওয়াশিংটনের মতে, এটি হামাসকে পুরস্কৃত করার সমান। এ বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্পষ্ট করে বলেন, ‘শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না।’

৮৯ বছর বয়সী আব্বাস যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় নিউইয়র্কে সরাসরি যোগ দিতে পারেননি। বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন তিনি। সেখানে তিনি ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান।

আব্বাস ঘোষণা দেন, ইসরায়েলি সেনারা সরে গেলে গাজার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিন রাষ্ট্র নেবে এবং পশ্চিম তীরের সঙ্গে একে যুক্ত করা হবে।

এদিকে, জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের বৈঠকে পশ্চিম তীর দখল করলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট পশ্চিম তীর দখলের ঝুঁকি ও বিপদ খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত