এশিয়া কাপের সেরা অভিষেক শর্মা পুরস্কারে পেলেন বিলাসবহুল গাড়ি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

এশিয়া কাপ জিতে রেকর্ড গড়েছে ভারত। আর সেই সাফল্যের অন্যতম প্রধান নায়ক ওপেনার অভিষেক শর্মা। পুরো আসরে তার আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষকে দিশেহারা করে দিয়েছে। তিন ম্যাচে টানা হাফ সেঞ্চুরি, মোট ৩১৪ রান এবং প্রায় ২০০ স্ট্রাইক রেটে রান করা—সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে ছিলেন ভারতীয়দের ভরসার নাম। যদিও ফাইনালে ব্যর্থ হন, তবুও তাকে টুর্নামেন্ট সেরা ঘোষণা করা হয়েছে। পুরস্কার হিসেবে পেয়েছেন দামি গাড়ি Haval H9, যা চীনের Great Wall Motor কোম্পানির তৈরি ফোর-হুইল ড্রাইভ ফ্ল্যাগশিপ এসইভি।

পুরস্কার জিতে অভিষেক শর্মা বলেন, “গাড়ি পুরস্কার হিসেবে পাওয়া সবসময়ই আনন্দের। তবে বিশ্বকাপ জয়ী দলের ওপেনার হিসেবে জায়গা করে নেওয়া মোটেও সহজ নয়। এর জন্য আমি পরিকল্পনা করে কঠোর পরিশ্রম করেছি। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছি। এ ধরনের খেলার জন্য অধিনায়ক ও কোচের সমর্থন প্রয়োজন, কারণ ঝুঁকি নিতে গিয়ে আউট হওয়ার সম্ভাবনাও থাকে। তবে দল সবসময় আমার পাশে থেকেছে।”

তিনি আরও যোগ করেন, “আমি জানি, আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে ম্যাচ জেতাতে পারি। তাই আত্মবিশ্বাসও পাই। ভিন্ন ভিন্ন মাঠে পরিস্থিতি অনুযায়ী খেলার পরিকল্পনা করি। পাওয়ারপ্লে কাজে লাগানো জরুরি। স্পিনার হোক বা পেসার— প্রথম বল থেকেই আক্রমণ করতে হবে। এই মানসিকতা আমাকে খুশি করে, আর দলের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে।”

২৫ বছর বয়সী পাঞ্জাবি এই ব্যাটার জানান, তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন প্রতিটি ম্যাচে প্রথম বল থেকেই বোলারদের চাপে রাখবেন। পাওয়ারপ্লে কাজে লাগিয়ে দলের ভিত্তি গড়ে তোলাই ছিল তার মূল লক্ষ্য।

যদিও ফাইনালে রান পাননি, তবু ভারতের শিরোপা জয়ে তার অবদান অমূল্য। অভিষেকের ধারাবাহিক আগ্রাসী ব্যাটিং ছাড়া এশিয়া কাপে ভারতের সাফল্য কল্পনা করাই কঠিন হতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত