তালতলীতে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর (৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজানপাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কয়েকজন বাসিন্দা মাছ ধরতে গিয়ে নদীর তীরে শিশুটির মরদেহ দেখতে পান। পরে তারা নৌ–পুলিশ ও তালতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত কেউ শিশুটির পরিচয় নিশ্চিত করতে পারেনি। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি দুই-একদিন আগে মারা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত