ট্রাম্পকে স্মরণ করিয়ে দেওয়া হলো, 'বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত ফিফাই নেবে'

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ পিএম

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ম্যাচ কোনো শহর থেকে সরানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিতে পারবেন না, বরং সে দায়িত্ব একমাত্র ফিফার—এমনটাই স্পষ্ট করে জানিয়েছেন সংস্থাটির সহ-সভাপতি ভিক্টর মন্তাগ্লিয়ানি।

উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশনের (কনকাকাফ) প্রেসিডেন্টও তিনি। লন্ডনে ‘দ্য সামিট’ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মন্তাগ্লিয়ানি বলেন, “এটা ফিফার টুর্নামেন্ট, ফিফার এখতিয়ার। সিদ্ধান্তও নেবে ফিফাই। বর্তমান বিশ্বনেতাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, ফুটবল তাদের চেয়ে বড়। ফুটবল বেঁচে থাকবে তাদের সরকার, তাদের শাসন এবং তাদের স্লোগানের বাইরেও।”

ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়ে বলেছেন, যদি তিনি মনে করেন কোনো শহর “অল্প হলেও বিপজ্জনক”, তবে তিনি বিশ্বকাপ ম্যাচ সেখান থেকে সরিয়ে নেবেন। বিশেষ করে সান ফ্রান্সিসকো ও সিয়াটলের কথা উল্লেখ করে তিনি বলেছেন, সেগুলো “চরমপন্থী বামপন্থীদের নিয়ন্ত্রিত, যারা জানে না তারা কী করছে।”

২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা ও মেক্সিকো। কানাডিয়ান মন্তাগ্লিয়ানি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে প্রায়ই তাঁকে কূটনৈতিক সংবেদনশীলতার মুখোমুখি হতে হচ্ছে।

ইসরায়েলের আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণের প্রশ্নে তিনি বলেন, “এটা উয়েফার সিদ্ধান্ত। তারা তাদের সদস্য দেশ নিয়ে সিদ্ধান্ত নেবে। আমি শুধু প্রক্রিয়াকে সম্মান করি, এবং তারা যা-ই সিদ্ধান্ত নেবে, সেটিকেই সম্মান জানানো হবে।”

ফিফার ভাইস প্রেসিডেন্ট ভিক্টর মন্তাগ্লিয়ানি ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে

ফিফার প্রতিযোগিতার সম্প্রসারণ প্রসঙ্গে মন্তাগ্লিয়ানি জানান, তিনি বড় আকারের ক্লাব বিশ্বকাপ চান, তবে ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের বিপক্ষে।

“৬৪ দলের পক্ষে আমি কোনো যুক্তি দেখি না,” তিনি বলেন। “শুধু আমরা নই, উয়েফা ও এশিয়াও এর বিপক্ষে। তবে ক্লাব বিশ্বকাপ ছিল ব্যাপক সফল। এখন আমাদের দেখতে হবে বাস্তবে কী করা সম্ভব, কতগুলো দল রাখা যায় এবং প্রতিটি দেশের জন্য কী ধরনের সীমা নির্ধারণ করা উচিত।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত