ভারত থেকে আমদানি বন্ধ ও বৈরি আবহাওয়ার কারণে সরবরাহ কমায় পাঁচদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১৪০ টাকা বেড়ে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার (০৩ অক্টোবর) হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে কাঁচামরিচের সংকট দেখা গেছে। বাড়তি দামের কারণে দুএকটি দোকানে কাঁচামরিচ শোভা পেলেও সব সবজির দোকানে এর দেখা মেলেনি। তাছাড়া দাম বাড়তির কারণে ক্রেতারা মরিচ কেনায় বিরত থাকায় বিক্রি কমেছে বলে দাবি করেছেন বিক্রেতারা।
ক্রেতা তারিকুল ইসলাম বলেন,কাঁচামরিচের দাম শুনতেই যেন ভয় লাগছে খাওয়া তো দূর।
তিনি বলেন, এইটা কোনো কথা। কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়ে দ্বিগুন হয়েছে। যেভাবে পণ্যের দাম বাড়ছে সেইভাবে যদি আমাদের আয় রোজগার বাড়তো তাহলে তো সমস্যা হতো না কিন্তু বাস্তবতা আলাদা। তাই দাম শুনেই ফিরছি কেনার আর সাহস হলো না।
অপর ক্রেতা আব্দর রহিম বলেন, রাত পোহালেই কাঁচামরিচের দাম বাড়ছে প্রতিদিন। তারা বলছে ভারত থেকে আমদানি বন্ধ যার কারণে সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখি। বাধ্য হয়ে আগে যেখানে আধাকেজি কিনতাম এখন ২৫০ গ্রাম কিনেছি।
বিক্রেতা বিপ্লব শেখ বলেন,দুর্গাপূজার কারণে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে তীব্র খড়া ও অনাবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের খেত ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক গাছের ফুল ঝড়ে পড়ায় কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম বাড়তে শুরু করেছে।
তিনি বলেন, আবহাওয়া ভালো হলে ও ভারত থেকে আবারও আমদানি শুরু হলে দামও কমে আসবে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিতভাবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করছিলাম। দুর্গাপূজার কারণে ২৮ সেপ্টেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে। ছুটি শেষে হবে শনিবার। এরপর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি শুরু হবে। এরপর সঙ্গে সঙ্গে দাম কমে আসবে বলেও জানিয়েছেন তিনি।
