টাকা নেই ডাচ বাংলার বুথে, পর্যটকদের ক্ষোভ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম

দুর্গাপূজার লম্বা ছুটি উপভোগ করতে দেশের নানান প্রান্ত থেকে হাজারো পর্যটক ভিড় করেছেন পটুয়াখালীর সাগর কন্যা কুয়াকাটায়। এখানকার হোটেল-মোটেলে ৯৫ শতাংশ বকিং রয়েছে। তবে বেড়াতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটকদের। কারণ কুয়াকাটা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছেন না তারা।

শুক্রবার (০৩ অক্টোবর) রাত ৯টার পর থেকেই বুথে এসে টাকা তুলতে না পেরে ফিরে যাচ্ছেন বহু পর্যটক।

ক্ষোভ প্রকাশ করে ঢাকা থেকে আসা পর্যটক হাসানুজ্জামান বলেন, পরিবার নিয়ে বেড়াতে এসে টাকা তুলতে না পারাটা সত্যিই বড় ঝামেলা। হোটেল ভাড়া, খাওয়া-দাওয়া সবকিছুতেই নগদ টাকা দরকার।

খুলনা থেকে আগত শিক্ষার্থী তানিয়া আক্তার জানান, পূজার ছুটিতে পরিবারের সাথে বেড়াতে এসেছি। টাকা শেষ হয়ে যাওয়ায় বুথে এসে দেখি টাকা নেই। কাছাকাছি বিকল্প কোনো বুথও নেই এখানে। ডাচ বাংলার এটিএমে টাকা না থাকায় বিপাকে পড়েছি।

বরিশাল থেকে আসা ব্যবসায়ী মনির হোসেন বলেন, দূর-দূরান্ত থেকে মানুষ কুয়াকাটায় আসছে। অথচ পর্যটন এলাকায় পর্যাপ্ত ব্যাংকিং সুবিধা নেই। এটা খুবই হতাশার।

এ বিষয়ে ডাচ বাংলা ব্যাংক কুয়াকাটা শাখার ম্যানেজার আব্দুর রহিম জানান, আমি রাত ১০টার আগেই বুথ থেকে চলে এসেছি। টাকা আছে কিনা এখন বলতে পারব না।

বুথের নিরাপত্তা প্রহরী ইয়াসিন জানান, রাত ৯টা থেকেই টাকা শেষ হওয়ার উত্তোলন বন্ধ রয়েছে। অনেকেই টাকা তুলতে পারছেন না। শনিবার সকাল ১০টার মধ্যে টাকা ম্যানেজ হয়ে যাবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত