ভিসা না পাওয়ায় শারজা ছেড়ে সিলেটে খেলতে হচ্ছে সৌম্যকে

 

 
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পিএম

দুটি ম্যাচ খেলে এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজও জিতে গেছে বাংলাদেশ। আজ রাতে শারজায় খেলতে নামবে আনুষ্ঠানিকতার শেষ ম্যাচ। অথচ ওই দলেই থাকা সৌম্য সরকার ম্যাচ খেলছেন সিলেটে। ভিসা না পাওয়ায় বাধ্য হয়েই ঢাকা ছেড়ে সিলেটে ফিরে এসেছেন তিনি। তিনটি ম্যাচ মিস করার পর আজ আবার খুলনার হয়ে ঢাকার বিপক্ষে খেলতে নেমে করেন ১৯ বলে ২৪ রান। তাতে ঢাকাকে ১৮৭ রানের লক্ষ্য দেয় খুলনা।

সৌম্য আসলে সিলেটে রয়ে গেছেন সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারায়। ভিসা জটিলতায় মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে পারেননি বাংলাদেশের হয়ে ৮৭টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার। বিসিবি থেকে দেরিতে ভিসার আবেদন করায় সাড়া দেয়নি ঢাকাস্থ আরব আমিরাত দূতাবাস। এ কারণেই গত ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা সৌম্য আফগানিস্তান সিরিজেও খেলতে পারছেন না।

এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ‘শুধু সৌম্য সরকার না, আমাদের নাইম শেখেরও ভিসাটা আসেনি কিন্তু। নাইম শেখেরও ভিসাটা আসলেই ও চলে যাবে। যেহেতু আজকে আমাদের লাস্ট টি-টোয়েন্টি ম্যাচটা, সৌম্য সরকারের আজকে গিয়ে আর কোনো লাভ নেই, ম্যাচের পরে গিয়ে লাভ নেই। আমরা কাল পর্যন্ত অপেক্ষা করেছি। কালকেও ওকে বলে রেখেছিলাম, যদি ভিসা পেয়ে যাই, কাল রাতেও যাবে, আজকে পৌঁছাবে, দলে যদি জায়গা নাও পায়, ড্রেসিংরুমে থাকবে, দলের সাথে থাকবে।’

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত