‘মনে হচ্ছিল অনন্তকাল ধরে দলের বাইরে আছি’

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এএম

দীর্ঘ ছয় মাস পর ব্রাজিলের জাতীয় দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের তরুণ তারকা রদ্রিগো গোয়েস। কোচ কার্লো আনচেলত্তির দলে এই প্রথমবার তিনি ডাক পেলেন। এই ফিরে আসাকে তিনি বলছেন ক্যারিয়ারের নতুন শুরু। রদ্রিগো শেষবার ব্রাজিলের হয়ে খেলেছিলেন গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে। এরপর চোট, ফর্ম ও মানসিক চাপে তিনি জাতীয় দল থেকে ছিটকে যান।

দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচে আবারও রদ্রিগোকে দেখা যাবে সেলেসাওয়ের জার্সিতে। সিউলে এক সংবাদ সম্মেলনে রদ্রিগো বলেন, ‘অনেক লম্বা সময় কেটে গেছে। মনে হচ্ছিল, যেন অনন্তকাল ধরে আমি দল থেকে দূরে আছি। কঠিন সময় ছিল, তবে আমি অনেক কিছু শিখেছি। এখন নিজেকে আগের চেয়ে পরিপক্ব, শান্ত ও আত্মবিশ্বাসী মনে হচ্ছে। আমি আমার সেরা অবস্থায় ফিরেছি।’

রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে ১০ ম্যাচে খেলেছেন রদ্রিগো, এর মধ্যে দুইটিতে ছিলেন মূল একাদশে। কোচ আনচেলত্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘আনচেলত্তি আমার ক্যারিয়ারে বিশাল প্রভাব ফেলেছেন। তার হাতে আমি অনেক উন্নতি করেছি। তার সঙ্গে ব্রাজিল দলে আবারও কাজ করার সুযোগ পাওয়া আনন্দের। তবে তিনি পরিষ্কার করে বলেছেন—কেউই দলে স্থায়ী নয়, ক্লাবে ভালো খেললেই জায়গা ধরে রাখা যাবে।’

২৫ বছর বয়সী রদ্রিগোর এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ৩৩ ম্যাচে ৭ গোল করেছেন। ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়াই তার লক্ষ্য। তবে এই রদ্রিগোই ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি। কিন্তু আমি হার মানিনি। আবারও সুযোগ এলে পেনাল্টি নিতে পিছপা হব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত