অজিদের সঙ্গে খেলতে সবসময়ই দারুণ লাগে: রোহিত শর্মা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১১:১৮ এএম

দীর্ঘদিন পর আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ওয়ানডে নেতৃত্ব হারালেও আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিনি দলে আছেন। সাদা বলের এই সিরিজকে সামনে রেখে প্রকাশ করেছেন নিজের উচ্ছ্বাস। জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সবসময়ই তার কাছে এক বিশেষ অভিজ্ঞতা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এই ফরম্যাটের নেতৃত্বে অভিষেক হতে যাচ্ছে শুবমান গিলের। এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘ওদের সঙ্গে খেলতে আমি ভালোবাসি। অস্ট্রেলিয়া এমন এক দল, যারা সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে। তাদের বিপক্ষে খেললে নিজের মানসিক ও শারীরিক শক্তির পরীক্ষা হয়। এটা সবসময়ই চ্যালেঞ্জিং, আবার উপভোগ্যও।’

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ৯ অক্টোবর থেকে শুরু হবে। দুই দলেরই লক্ষ্য ২০২৭ বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের যাচাই-বাছাই করা। রোহিত আরও বলেন, ‘এই সিরিজটা শুধু প্রতিযোগিতা নয়, বরং তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। আমরা সবাই চাই সেরা ক্রিকেটটা খেলতে।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের ব্যাটিং লাইনআপে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি বোলিং বিভাগেও এসেছে ভারসাম্য। অন্যদিকে, অস্ট্রেলিয়াও শক্তিশালী দল নিয়ে নামছে। ফলে দুই দলের মধ্যকার লড়াই যে উত্তেজনাপূর্ণ হবে, তা বলাই যায়। ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ এবং ২৫ অক্টোবর। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত