ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুবমান গিল জানিয়েছেন, আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনই। বৃহস্পতিবার দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে গিল বলেন, “রোহিত ভাই ও বিরাট ভাইয়ের অভিজ্ঞতা, আর ভারতের হয়ে যত ম্যাচ তারা জিতিয়েছেন—এমন খেলোয়াড় খুব কমই আছে। তাদের দক্ষতা, মান ও অভিজ্ঞতার জায়গা থেকে ২০২৭ সালের বিশ্বকাপে আমরা অবশ্যই তাদেরকে বিবেচনায় রাখছি।”
সম্প্রতি ভারতের টেস্ট অধিনায়কত্বের পাশাপাশি ওয়ানডে দলেও নেতৃত্ব পেয়েছেন ২৬ বছর বয়সী গিল। নির্বাচকরা তিন ফরম্যাটে তিন অধিনায়ক না রেখে গিলের ওপরই দায়িত্ব দিয়েছেন, যাতে ব্যবস্থাপনায় কোনো জটিলতা না হয়। ফলে রোহিত ও কোহলি এখন দলে জায়গা পাবেন পারফরম্যান্সের ভিত্তিতে। তবে গিল আশা করছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে দুজনকেই পাশে পাবেন তিনি।
রোহিত শর্মার কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা নিয়েও কথা বলেন গিল, “রোহিত ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এখনো শিখতে চাই। তার যে শান্ত ভাব ও নেতৃত্বের গুণ, খেলোয়াড়দের সঙ্গে যে সম্পর্ক তিনি তৈরি করেছেন—এসবই আমাকে অনুপ্রাণিত করে। এই গুণগুলো আমি নিজের মধ্যে আনতে চাই।”
সম্প্রতি ভারতের টেস্ট ও ওয়ানডে দল দুটিরই নেতৃত্বে থাকায় মানসিক ক্লান্তির কথাও স্বীকার করেন গিল। তিনি বলেন, “শারীরিকভাবে বেশিরভাগ সময় আমি ঠিক থাকি, কিন্তু ক্রমাগত খেলার কারণে কখনো কখনো মানসিক ক্লান্তি আসে। নিজের কাছ থেকে আমার কিছু প্রত্যাশা আছে—এটা সবসময় আমাকে চ্যালেঞ্জ জানায়। তিন ফরম্যাটে খেলা কঠিন, কিন্তু আমি চাই সব ফরম্যাটে সফল হতে এবং ভারতের হয়ে আইসিসি শিরোপা জিততে।”
গোলরক্ষকের অদ্ভুতুড়ে কিপিংয়ে ফিক্সিংয়ের গন্ধ বিশ্বকাপ বাছাই ম্যাচে
শামিত জামাল ফাহামিদুলকে ছাড়াই কাবরেরার একাদশ