দেশের মাটিতে হংকংকের কাছে জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। এই পরাজয়ের পেছনে কোচ হাভিয়ের কাবরেরার ভুল পরিকল্পনার দায় দেখছেন অনেকেই। কাবরেরা নিজেও ম্যাচ শেষে দায় স্বীকার করেছেন। এখন প্রশ্ন হলো- কাবরেরাকে কি কোচ হিসেবে আরও সুযোগ দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)?
অনেকদিন ধরেই কাবরেরাকে নিয়ে দেশের ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক সমালোচনা আছে। অনেক ফুটবল বিশ্লেষকও তার বিদায় চান। গতকাল রাতে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ৪-৩ গোলে হারের পর যা আবারও সামনে এসেছে। ম্যাচের কৌশল, খেলোয়াড়দের পজিশনিং এবং গেমটাইম নিয়ে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতির কারণ হয়েছে মনে করেন সমালোচকেরা।
গতকাল ম্যাচ শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল যখন স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়- কাবরেরাকে কি কোচ হিসেবে রাখা হবে? জবাবে হাসতে হাসতে তাবিথ আউয়াল বলেন, ‘এখন এগুলো নিয়ে মন্তব্যের সময় না। সদ্যই ম্যাচটা শেষ করেছি। অবশ্যই ম্যাচ–পরবর্তী একটি ব্রিফিং হবে। তখন বিস্তারিত কথা বলব।’
কোচ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেও দলের খেলার প্রশংসা করেছেন বাফুফে সভাপতি, ‘আমি দর্শকের অবস্থান থেকে দেখি, একটি ম্যাচে সাতটা গোল হয়েছে। এটি অবশ্যই একটি বড় ব্যাপার। ৩-১ থেকে ৩-৩ সমতায় ফিরেছে বাংলাদেশ, এটিও মানসিকভাবে বড় উন্নতি। আরও টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হবে। আমাদের অতীতে এবং আগামীতে কী আছে চিন্তা করতে হবে।’
স্ত্রীকে নিয়ে সাংবাদিকের কটুক্তির জবাব দিলেন ডি মারিয়া
১ ওভারে ২৭ রান দেওয়া সাকিব মারলেন ‘গোল্ডেন ডাক’
‘মিডফিল্ড জেনারেল’ কাসেমিরো আবার ব্রাজিলের অধিনায়ক