তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, কাবুলে পুনরায় দূতাবাস খুলছে ভারত

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম

আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে ভারত। ২০২১ সাল থেকে কাবুলে বন্ধ থাকা দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।

জাতিসংঘের নিষেধাজ্ঞায় থাকা মুত্তাকিকে সাময়িক ছাড় দেওয়ার পর বৃহস্পতিবার (৯ অক্টোবর) ছয় দিনের সফরে ভারতে এসেছেন তিনি। তালেবান প্রশাসনের সঙ্গে দিল্লির সম্পর্ক উন্নয়নের একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

এদিকে প্রতিনিধিদলসহ ভারত সফরে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার ভারত-যুক্তরাজ্যের মধ্যে প্রায় ৪৬ দশমিক ৮ কোটি মার্কিন ডলারের ক্ষেপাণাস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকলে দিল্লি সফরে এসেছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী।

২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ভারত কাবুলে তার দূতাবাস বন্ধ করে দেয়। পরবর্তীতে ২০২২ সালে মানবিক সাহায্য ও বাণিজ্য সহযোগিতার উদ্দেশ্যে একটি ছোট টেকনিক্যাল দল পাঠানো হয়। শুক্রবারের ঘোষণার পর ভারত এখন কাবুলে দূতাবাস চালু রাখা দেশের তালিকায় যোগ দিল। তবে রাশিয়া এখনও একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে।

বৈঠকে জয়শঙ্কর ভারত-আফগান সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা ঘোষণা করেন এবং একাধিক মানবিক ও উন্নয়নমূলক প্রকল্পের কথা জানান। তিনি বলেন, ‘আফগান জনগণের স্বাস্থ্য ও সুরক্ষার পাশে ভারত সব সময়ই দাঁড়িয়েছে, কোভিড মহামারির সময়েও সহায়তা করেছি। এখন আমরা ছয়টি নতুন উন্নয়ন প্রকল্পে এগিয়ে যেতে প্রস্তুত। আলোচনা শেষ হলে এর বিস্তারিত জানানো হবে।’

সৌহার্দ্যের নিদর্শন হিসেবে আফগানিস্তানকে ২০টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত, যার মধ্যে পাঁচটি অ্যাম্বুলেন্স জয়শঙ্কর ব্যক্তিগতভাবে মুত্তাকির হাতে তুলে দেন। এছাড়াও, আফগান হাসপাতালগুলোর জন্য ভারত উন্নত চিকিৎসা যন্ত্রপাতি যেমন এমআরআই ও সিটি স্ক্যান মেশিন সরবরাহ করবে। শিশুদের টিকাদান কর্মসূচির জন্য ভ্যাকসিন এবং ক্যান্সারের ওষুধও পাঠানো হবে।

সম্প্রতি আফগানিস্তানে ঘটে যাওয়া ভূমিকম্পে ভারতের দ্রুত সাড়া দেওয়ার কথাও তুলে ধরেন জয়শঙ্কর। তিনি বলেন, ‘দুর্যোগের কয়েক ঘণ্টার মধ্যেই আমরা ত্রাণসামগ্রী পাঠিয়েছিলাম। এখন আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় বসতবাড়ি পুনর্নির্মাণেও সহায়তা করতে চাই।’

এছাড়াও, গত কয়েক বছর ধরে আফগান জনগণের জন্য ভারত ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা দিয়ে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত