ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান আবারও আলোচনায় এসেছেন ভবিষ্যৎ কোচিং পরিকল্পনা নিয়ে। ২০২১ সালে রিয়াল দায়িত্ব ছাড়ার পর থেকে চার বছরের বেশি সময় ধরে বিশ্রামে আছেন তিনি। তবু ফুটবলবিশ্বে প্রশ্ন রয়ে গেছে — কবে আবার দেখা যাবে তাঁকে ডাগআউটে?
ইতালিতে একটি ফেস্টভ্যালে অংশ নিয়ে জিদান নিজেই জানালেন, কোচিংয়ে ফিরবেন তিনি, তবে কবে ও কোথায় — সেটি এখনো নির্দিষ্ট নয়। বিশেষ করে ফ্রান্স জাতীয় দলকে কোচিং করার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।
জিদানের ভাষায়, 'আমি অবশ্যই আবার কোচিংয়ে ফিরব। জুভেন্টাসের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে আমি কিছু বলতে পারি না। ওদের প্রতি আমার ভালোবাসা সব সময় থাকবে, কারণ ক্লাবটি আমাকে অনেক কিছু দিয়েছে। তবে ভবিষ্যতে আমি ফ্রান্স জাতীয় দলকে কোচিং করতে চাই। দেখা যাক কী হয়।'
সাবেক বিশ্বকাপজয়ী এই তারকা আরও বলেন, খেলোয়াড়ি জীবন শেষে তিনি নতুন করে নিজের পথ খুঁজে পেয়েছেন কোচিংয়ে। 'খেলা ছেড়ে দেওয়ার পর তিন বছর আমি দিশেহারা ছিলাম। নানা কিছু চেষ্টা করলেও সন্তুষ্টি পাইনি। শেষ পর্যন্ত কোচিং কোর্সে ভর্তি হয়ে নিজের পথ খুঁজে পাই।'
তিনি স্বীকার করেন, ইতালিয়ান কোচ মারচেলো লিপ্পি তাঁর কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রভাব ফেলেছেন., 'লিপ্পির কাছ থেকে সবচেয়ে বেশি শিখেছি আমি। আর আনচেলোত্তি ছিলেন আমার ম্যানেজার, পরে আমি তাঁর সহকারী হই। তিনি শুধু ভালো কোচই নন, ভালো মানুষও। খেলোয়াড়দের কথা শুনতেন, সেটাই তাঁকে বিশেষ করেছে।'
কোচিং নিয়ে নিজের দর্শন সম্পর্কেও মত দেন জিদান, 'একজন ভালো কোচ হওয়ার জন্য জেতাই সব নয়। ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ও খেলোয়াড়দের অনুপ্রাণিত করার ক্ষমতাই আসল বিষয়। আমি চাই খেলোয়াড়দের মাঝে ইতিবাচক কিছু ছড়িয়ে দিতে।'
চার বছর ধরে কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্বে না থাকলেও জিদানের প্রতি আগ্রহ কমেনি। রিয়াল মাদ্রিদসহ ইউরোপের একাধিক ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেলেও এখনো অপেক্ষা করছেন তিনি ‘বিশেষ কিছু’র জন্য।
সম্ভবত সেটিই তাঁর স্বপ্নের কাজ, 'নিজ দেশ ফ্রান্সকে কোচিং করা।'
১৪ বছর বয়সেই নেতৃত্বে ভারতের বৈভব সূর্যবংশী