মেসির জোড়া অ্যাসিস্টে ১৫৫ নম্বর দলের বিপক্ষে আর্জেন্টিনার গোল উৎসব

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৪০ এএম

বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত ১৫৫তম র‍্যাঙ্কধারী পুয়ের্তো রিকোর বিপক্ষে মেসি দুটি অ্যাসিস্ট করেন এবং আরেকটি গোলের সূচনা করেন। এর মাধ্যমে মোট ৩৯৮টি অ্যাসিস্ট করে ফেললেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর!

মূলত সোমবার শিকাগোতে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে টিকিট বিক্রি কম হওয়া এবং সাম্প্রতিক অভিবাসন অভিযান নিয়ে জটিলতার কারণে ম্যাচটি শেষ মুহূর্তে ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়। পুয়ের্তো রিকো দলে কয়েকজন কলেজ পর্যায়ের ফুটবলারও ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিলানোভা বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলা গোলরক্ষক সেবাস্তিয়ান কাটলার এদিন মেসির দুটি শট দারুণভাবে ঠেকান।

নিজ ক্লাব ইন্টার মায়ামির ঘরের মাঠে নেমে মেসি যেন ছিলেন পুরো ফুরফুরে মেজাজে। প্রথমার্ধে গঞ্জালো মন্টিয়েলের গোলে চমৎকার এক লব পাসে তিনি অ্যাসিস্ট করেন। ৮৩তম মিনিটে তার দারুণ এক ব্যাক পাস থেকে লাওতারো মার্তিনেস করেন নিজের দ্বিতীয় গোল। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জোড়া গোল করেন। একটিও আত্মঘাতী গোল আসে পুয়ের্তো রিকোর ডিফেন্ডারের পা থেকে।

অবশ্য ম্যাচের ৮ম মিনিটেই লেয়ান্দ্রো আন্তোনেত্তির দূরপাল্লার শট অল্পের জন্য বাঁচান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। মেসি ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ১-০ জয়ের প্রীতি ম্যাচে বিশ্রামে ছিলেন। তবে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, এদিন ম্যাচের আগে নিজেই খেলতে আগ্রহ প্রকাশ করেন তারকা ফরোয়ার্ড। আর্জেন্টিনা কোচের ভাষায়, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম খেলতে প্রস্তুত কি না, সে বলেছিল “হ্যাঁ”। মেসিকে মাঠে পাওয়া সবসময়ই আনন্দের।’

আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই ম্যাচ খেলছে আর্জেন্টিনা। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বকাপের কিছু ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার হুমকি দেন—যা ফুটবল মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত