চট্টগ্রামের চন্দনাইশে বনদস্যুদের (গাছ চোর) হামলায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিটের বন পাহারাদলের সভাপতি কুতুবউদ্দিন (৫০) ও ধোপাছড়ি বিটের কর্মচারী পবিত্র চাকমা (২৮) আহত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার সময় বনবিভাগ দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিট এলাকা ধোপাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড নতুন রাস্তা ছাপাছড়ি আগা সংলগ্ন এলাকায় রিজার্ভ বনের ভিতরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— বনবিভাগ দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি বিটের বন পাহারাদলের সভাপতি কুতুবউদ্দিন (৫০) ও ধোপাছড়ি বিটের কর্মচারী পবিত্র চাকমা (২৮)।
জানা যায়, ঘটনার দিন সকাল ১১টার সময় উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড নতুন রাস্তা ছাপাছড়ি আগা সংলগ্ন এলাকায় রিজার্ভ বনের ভিতরে ৭ থেকে ৮ জনের একদল বনদস্যু বনের গাছ কেটে পাচার করার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়া যায়। তখনই বনবিভাগ ধোপাছড়ি বন বিট কর্মকর্তা মো. হৃদয় রাব্বী নেতৃত্বে বনরক্ষীরা অভিযানে যায়। অভিযানের খবর পেয়ে সংঘবদ্ধ আক্রমণ চালায় বনদস্যুরা। এতে ২ জন আহত হয়।
বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে বন পাহারাদলের সভাপতি কুতুবউদ্দিনকে (৫০) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সন্ধ্যা ৬টায় অপারেশন হবে।
