রাজধানীতে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:২০ পিএম

‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’ নামের একটি মিউজিয়াম নির্মিত হচ্ছে রাজধানীর মগবাজারে। ১০ কাঠা জায়গাজুড়ে গড়ে ওঠা এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে এই ব্যান্ড তারকার  জীবন, সংগীত ও শিল্পভুবনের অজস্র স্মৃতি। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছে ফাউন্ডেশনের সভাপতি আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার। তিনি দাবি করেছেন, এই মিউজিয়ামের জন্য পৃষ্ঠপোষকতাও দরকার। 

ফাউন্ডেশনের সেক্রেটারি ও প্রয়াত শিল্পীর দীর্ঘদিনের সহযাত্রী আবদুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, ‌মিউজিয়ামে শুধু গিটার নয়, থাকবে তার ব্যবহৃত টি-শার্ট, হ্যাট, ক্যাপ, রোদচশমা। এবি কিচেনের আদলে তৈরি একটি রেকর্ডিং স্টুডিও থাকবে সেখানে। তিনি আরো জানান, ‌‘দর্শনার্থীরা এখানে ভার্চুয়াল রিয়ালিটিতে আইয়ুব বাচ্চুর কনসার্টের অভিজ্ঞতা নিতে পারবেন। তবে এই বিশাল স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন সরকারি ও বেসরকারি সহযোগিতা। আমরা চাই, দেশের মানুষ এই উদ্যোগে পাশে থাকুক। 

প্রকল্পটির পরিকল্পনা অনুযায়ী, মিউজিয়ামের পাশাপাশি সেখানে থাকবে একটি মিউজিক্যাল ক্যাফে, মিলনায়তন এবং নতুন সংগীতশিল্পীদের জন্য উন্মুক্ত স্টুডিও। এর মাধ্যমে তরুণ সংগীতপ্রেমীরা আইয়ুব বাচ্চুর জীবন ও সংগীতধারার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবেন। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মিউজিয়ামের প্রতিটি অংশে থাকবে আইয়ুব বাচ্চুর শিল্পযাত্রার গল্প। চট্টগ্রাম থেকে ঢাকায় আসা, ‘এলআরবি’-এর উত্থান, তার সৃষ্ট জনপ্রিয় গান এবং কনসার্টের ঝলক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত