নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর এলাকায় টি-বাঁধসহ নদীভাঙন জরুরিভাবে প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে ঝাড় সিংহেশ্বর ১ নম্বর ওয়ার্ডে টি-বাঁধের উপরে শতশত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী মানববন্ধনে অভিযোগ করেন জনস্বার্থে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড এগিয়ে এলেও কালীগঞ্জ বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এ কাজে বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে। জিও ব্যাগ দিয়ে ডাম্পিং কাজটি বন্ধ করে দেওয়ায় নদীভাঙনে এলাকার বসতভিটা ও টি-বাঁধ এখন হুমকীর মুখে। তাই তারা ভাঙন প্রতিরোধে কাজ করার দাবিতে মানববন্ধনে নেমেছে।
এলাকার বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান জানান, সম্প্রতি উজানের ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় টি-বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হলে কালীগঞ্জ বিওপি ক্যাম্প হুমকির মুখে পড়ে। এলাকাবাসীর সহায়তায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সেখানে জিও ব্যাগ ও টিউব দিয়ে বাঁধটি রক্ষা করেন। এ অবস্থায় নদীর পানি কমে গেলে টি-বাঁধসহ আশপাশে ফসলি জমি, ঘরবাড়ির ভাঙনের কবলে পড়ে। এই ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জরুরিভাবে প্রায় ২ হাজার ৫০০ জিও ব্যাগ ও টিউব প্রদান করেন। এলাকাবাসী দলবেধে জিও ব্যাগে বালু ভরে ভাঙনরোধে কাজে নেমে পড়ে। কিন্তু ওই কাজ বন্ধ করে দিয়েছে কালীগঞ্জ বিওপির সুবেদার আনোয়ারুল হকসহ ক্যাম্পের অন্যান্য সদস্যা।
এলাকার আব্দুল হাকিম, ছমির আলী, আজিজুল ইসলাম ও কমলা বেগমসহ আরো অনেকে জানান, বর্তমানে টি-বাঁধটি জিও বালু ব্যাগ দিয়ে কাজটি সম্পন্ন করা গেলে আমাদের আবাদি ফসলি জমি ও ঘরবাড়ি বিলিন হয়ে যাবে। যেকোনও মুহূর্তে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলে আমাদের প্রায় ১০ হাজার পরিবারেরসহ গবাদি পশু, ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। আমরা এ নিয়ে আতংকের মধ্যে আছি।
এ বিষয়ে মুঠোফোনে কথা হলে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ডালিয়া পানি উন্নয়ন বিভাগ কর্তৃক টি-বাঁধটি ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে কাজ সম্পন্ন করার জন্য সেখানে জিও বালু ব্যাগ ও জিও টিউব বরাদ্দ প্রদান করা হয়েছে। যা জরুরিভাবে কাজের নির্দেশও দেওয়া হয়।
বিজিবি সেখানে কাজ বন্ধ করেছে কেন- প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকাবাসী জানিয়েছে সেখানে বিজিবি কাজ বন্ধ করে দিয়েছে। আমরা বিষয়টি দেখছি, বিজিবির সঙ্গে এ নিয়ে কথা চলছে।
এ প্রসঙ্গে ডিমলা উপজেলার কালীগঞ্জ বিওপি ক্যাম্পের সুবেদার আনোয়ারুল হক দেশ রূপান্তরকে জানান, নদী থেকে বালু ও মাটি উত্তোলন করার কোনও ধরনের নির্দেশনা না থাকায় কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ভিক্টোরিয়া কলেজে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
লাগাতার অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি
ফেনীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, শীর্ষে দাগনভূঞা