গাজীপুরে কাপাসিয়ায় পানিতে ডুবে লিপি বেগম (৪৫) ও বিলকিছ আক্তার (৪০) নামে দুই নারী মারা গেছেন। ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামে কালী বানার নদীতে আজ রবিবার সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
দুই সন্তানের জননী লিপি বেগম খিরাটি দক্ষিণপাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলামের স্ত্রী। একই গ্রামের অছিম উদ্দিনের স্ত্রী বিলকিছ বেগমও দুই সন্তানের জননী। বাড়ির পাশ দিয়ে প্রবাহিত নদী থেকে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নদীর স্রোতে তলিয়ে যান তারা।
স্থানীয়রা জানান, ঘাগটিয়া ও সনমানিয়া ইউনিয়নের মাঝখানে কালী বানার নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা আটকা পড়ায় পানির প্রবাহ অনেকটা থেমে যায়। ফলে গত তিনদিন আগে খিরাটি দক্ষিণপাড়া এলাকায় নদীর তীরে ব্যাপক ভাঙন দেখা দেয়। ফলে নদীর ভাঙন রোধে স্থানীয়রা মিলে নদীর কচুরিপানা পরিষ্কার করতে উদ্যোগ গ্রহণ করে।
রবিবার সকালে কচুরিপানা পরিষ্কার করার জন্য স্থানীয় নারী ও পুরুষের দুটি দল দুই ভাগে বিভক্ত হয়ে কচুরিপানা পরিষ্কার শুরু করেন। সকাল সাড়ে নয়টার দিকে লিপি বেগম, বিলকিছ আক্তার, সালমা আক্তার, দীনা আক্তার, নারগিছ আক্তার, মাসুদা বেগম ও নাজমুন নাহার কচিসহ সাত সদস্যের নারী দলটি উজানের দিকে নায়েবে বাড়ি এলাকায় এবং দশ সদস্যের পুরুষের দলটি ভাটার দিকে কচুরিপানা পরিষ্কার করছিলেন। ভাটা এলাকায় থাকা পুরুষ দলের কচুরিপানা পরিষ্কারের ফলে নদীর পানি হঠাৎ করে নিচে নামতে শুরু করে। এ সময় হঠাৎ নদীর পানির স্রোতে বৃদ্ধি পলে এবং তাদের পায়ের নিচের বালু সড়ে যেতে থাকলে লিপি বেগম, বিলকিছ আক্তার, সালমা আক্তার ও দীনা আক্তার পানিতে তলিয়ে যান।
এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সালমা আক্তার ও দীনা আক্তারকে উদ্ধার করতে পারলেও লিপি বেগম ও বিলকিছ আক্তারকে খুঁজে পায়নি। প্রায় ঘণ্টা খানেক পরে লিপি বেগমের লাশ নায়েবের বাড়ি সেতুর কাছে ভেসে ওঠে। এ সময় কাপাসিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ডুবুরি দল প্রায় ৬ ঘণ্টা পর বিকাল সোয়া পাঁচটায় বিলকিছ আক্তারের লাশ উদ্ধার করে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট এবং টঙ্গি ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল বিলকিছ আক্তারকে বিকেল সোয়া পাঁচটায় উদ্ধার করে।
কাপাসিয়া থানার ওসি মো. আব্দুর রব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দ্রুত বাঁধ মেরামতের দাবিতে তিস্তাপাড়ে মানববন্ধন
আগুনে রূপপুর প্রকল্পের মালামাল পোড়ার সত্যতা মেলেনি