বিশ্বকাপের ফাইনাল হারের পর আর্জেন্টিনা যুব দলকে মেসির আবেগঘন বার্তা

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০১:১১ পিএম

চিলির সান্তিয়াগোর ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। ডিয়েগো প্লাসেন্তের দল দারুণ এক টুর্নামেন্ট খেললেও শেষ পর্যন্ত ট্রফি ছুঁতে পারেনি। তবে পুরো আসরজুড়ে দলের পারফরম্যান্সে চোখ রেখেছিলেন লিওনেল মেসি। ফাইনালে হারার পরই তরুণ আলবিসেলেস্তে ফুটবলারদের পাশে দাঁড়ালেন তিনি, জানালেন হৃদয়ছোঁয়া বার্তা।

আর্জেন্টিনার হারের কয়েক মিনিটের মধ্যেই মেসি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন—“মাথা উঁচু রাখো ছেলেরা! তোমরা দারুণ একটি টুর্নামেন্ট খেলেছো। আমরা সবাই চেয়েছিলাম তোমাদের হাতে কাপ দেখতে, কিন্তু তোমরা মাঠে যা দিয়েছো, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। হৃদয় দিয়ে আকাশি-সাদা জার্সিটা রক্ষা করেছো—এই গর্বটাই সবার উপরে।”

এই বার্তার সঙ্গে যুক্ত ছিল আর্জেন্টিনা দলের জার্সির একটি পটভূমি ছবি।

এটাই প্রথম নয়, অনূর্ধ্ব-২০ দলের জন্য মেসির পোস্ট। কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পরও তিনি অভিনন্দন জানিয়েছিলেন তরুণদের। বিশেষ করে ইন্টার মায়ামিতে তার সতীর্থ মাতেও “তোতো” সিলভেত্তিকে প্রশংসা করে লিখেছিলেন—“সেমিতে ওঠার জন্য অভিনন্দন ছেলেরা। আর দারুণ গোলের জন্য তোতো সিলভেত্তিকে বিশেষ অভিনন্দন।”

সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পরও একইভাবে বার্তা দিয়েছিলেন তিনি—“চলো, ফাইনালে যাই!! সবাইকে অভিনন্দন!! দারুণ তোতো সিলভেত্তি!”

ফাইনালের আগে আর্জেন্টিনা দলের তরুণরা মেসির ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে পারফরম্যান্সের ভিডিও দেখে অনুপ্রেরণা নিয়েছিলেন। সে বছর নেদারল্যান্ডসে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, আর সেই টুর্নামেন্টেই যুব ফুটবলে নিজের মহিমা প্রতিষ্ঠা করেছিলেন তরুণ মেসি।

ফাইনালে অবশ্য ভাগ্য সহায় হয়নি। মরক্কোর ইয়াসির জাবিরি দুর্দান্ত পারফরম্যান্সে দুটি গোল করে আফ্রিকান দলকে শিরোপা এনে দেন। তবু আর্জেন্টিনা এখনো রেকর্ড ছয়বারের অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়ন দল।

আর্জেন্টিনা এ পর্যন্ত আটটি ফাইনালের মধ্যে ছয়টি জিতেছে। প্রথমবার চ্যাম্পিয়ন হয় ১৯৭৯ সালে জাপানে, দিয়েগো মারাদোনার নেতৃত্বে। এরপর হোসে পেকেরমানের অধীনে ১৯৯৫ সালে কাতার ও ১৯৯৭ সালে মালয়েশিয়ায় আবারও শিরোপা জেতে। ২০০১ সালে স্বাগতিক হিসেবে জাভিয়ের সাভিওলার অসাধারণ পারফরম্যান্সে আবার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

২০০৫ সালে মেসির নেতৃত্বে নেদারল্যান্ডসে নাইজেরিয়াকে হারিয়ে পঞ্চম শিরোপা আসে, আর ২০০৭ সালে কানাডায় সের্হিও আগুয়েরোর নৈপুণ্যে ষষ্ঠবারের মতো তারা ট্রফি জেতে। ১৮ বছর পর চিলিতে ফাইনাল খেলল আর্জেন্টিনা, কিন্তু শিরোপা হাতছাড়া হলো মরক্কোর বিপক্ষে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত