ক্রাইস্টচার্চে ব্রুক-সল্টের ঝড়ে উড়ে গেলো কিউইরা

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম

ক্রাইস্টচার্চে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে যেন উড়িয়ে দিল ইংল্যান্ড। ফিল সল্ট আর হ্যারি ব্রুকের ব্যাটে ভর করে ৬৫ রানের জয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল অতিথিরা। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে ম্যাচটি একেবারে নিজেদের করে নেয় ইংল্যান্ড।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড তোলে ২৩৬ রান—যা হ্যাগলি ওভালে নতুন টি-টোয়েন্টি রেকর্ড। আগের সেরা ছিল ২০৮, সেটি ছাড়িয়ে যান তারা এখনও ১০ বল বাকি থাকতে। জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ১৭১ রানে, দুই ওভার বাকি থাকতেই।

দারুণ এক ইনিংস খেলেছেন ফিল সল্ট—৫৬ বলে ৮৫ রান। অপর প্রান্তে ছিলেন হ্যারি ব্রুক, যিনি ৩৫ বলে ঝড় তুলেছেন ৭৮ রানের। দুজন মিলে ৬৯ বলে ১২৯ রানের বিধ্বংসী জুটি গড়ে নিউজিল্যান্ডের বোলিংকে গুঁড়িয়ে দেন। 

টস জিতে প্রথমে বোলিং নেওয়া মিচেল স্যান্টনারের সিদ্ধান্তটা শেষ পর্যন্ত বুমেরাং হয়। ব্যাটিংবান্ধব উইকেটে তাঁর ছয়জন বোলারের সবাই খরুচে—সবারই ইকোনমি ডাবল ফিগারে। দুইটি ক্যাচ হাতছাড়া না হলে হয়তো নিউজিল্যান্ডের লক্ষ্যটা কিছুটা কম হতো। বিশেষ করে ব্রুককে ৪০ রানে জীবন দেওয়ার মূল্য দিতে হয়েছে বড়ভাবে।

শেষ দিকে টম বেন্টন ১২ বলে অপরাজিত ২৯ রান করে ইংল্যান্ডের ইনিংসকে দেয় রেকর্ড ছোঁয়া পরিণতি।

২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ব্রাইডন কার্সের দুই আঘাতে ব্যাকফুটে চলে যায় কিউইরা। এরপর টিম সাইফার্ট ও মার্ক চ্যাপম্যান মিলে ৬৯ রানের জুটি গড়লেও, আদিল রশিদ ও লিয়াম ডসনের ঘূর্ণিতে গতি হারায় রান তাড়া।

শেষ দিকে স্যান্টনার চেষ্টা করেছিলেন ঝড় তোলার—১৫ বলে ৩৬ রান করেন তিনি। কিন্তু রশিদের শেষ বলে আউট হয়ে সেই আশাও শেষ হয়। রশিদ ৪ ওভারে ৩২ রানে নেন ৪ উইকেট, ছিলেন দারুণ ছন্দে। শেষ পর্যন্ত লুক উড ১৮তম ওভারে দুটি উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেন।

উল্লেখযোগ্য ব্যাপার—নিউজিল্যান্ডের ১০টি উইকেটই এসেছে ক্যাচে!

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে আত্মবিশ্বাসী ইংল্যান্ড এখন সিরিজের শেষ ম্যাচে ক্লিন সুইপের লক্ষ্যে নামবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত