২০ টাকার জন্য মাদরাসা ছাত্রকে খুন

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৩ পিএম

মাত্র ২০ টাকার জন্য খুন করা হয়েছে মো. আমির হামজা ওরফে হানজালা নামের ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে। শ্বাসরোধ করে হত্যা করার পর ডোবায় তার বস্তাবন্দি লাশ ফেলে দেওয়া হয়।

তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকারী ফরহাদ রেজাকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গায়।

থানা সূত্রে জানা যায়, হানজালার কাছ থেকে ফরহাদ ৫০ টাকা ধার নেয়। যার মধ্যে ৩০ টাকা ফেরত দিলেও বাকি ২০ টাকার জন্য মনোমালিন্য হয়। সেই ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড ঘটায় ফরহাদ। গ্রেপ্তারকৃত ফরহাদ হত্যার কথা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমীর হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েমউদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি পাশের গোপালপুর ইউনিয়নের চাঁদড়া তা’লিমুল কুরআন মাদরাসা ও এতিমখানার ছাত্র। গ্রেপ্তারকৃত ফরহাদও একই মাদরাসার ছাত্র এবং চর চাঁদড়া গ্রামের জাহিদুল ইসলাম ফকিরের ছেলে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আলফাডাঙ্গা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খান জানান, আসরের নামাজের পর ফরহাদ হানজালাকে ধার নেওয়া ২০ টাকা দেওয়ার কথা বলে বাইরে নিয়ে যায়। এরপর তারা মাদরাসার পেছনের ধানক্ষেত হয়ে পাশের বাগানে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে ফরহাদ ক্ষিপ্ত হয়ে হানজালার গলা চেপে ধরে। তখনই তার মৃত্যু হয়।

হত্যার পর ফরহাদ মাদরাসায় ফিরে যায়। রাতে স্বাভাবিক আচরণ করে। পরদিন ভোরে বাড়ি গিয়ে একটি বস্তা ও ইট নিয়ে আসে। হানজালার মরদেহ বস্তায় ভরে বস্তার মুখ বেঁধে পাশের ডোবায় ফেলে দেয়।

এএসপি আজম খান আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ফরহাদ রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য কেউ এ ঘটনায় জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ হত্যাকাণ্ড ফরহাদ একাই ঘটিয়েছে বলে জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত