মা হারালেন মেহের আফরোজ শাওন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৩৭ এএম

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল (৭২) বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন শাওন। পোস্টে তিনি লিখেছেন, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমার মা বেগম তহুরা আলী ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।

শাওনের পোস্টে আরও জানানো হয়, তার মায়ের প্রথম নামোজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর গুলশান আজাদ মসজিদে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ মাগরিব তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।

তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন সবাই তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন।

বেগম তহুরা আলীর জন্ম ফেনীতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতা করেন।

বেগম তাহুরা আলী রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় সংসদ সদস্য (ফেনী ও জামালপুর-শেরপুর আসন) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত