জাতীয় সাঁতারে একদিনে ৭ রেকর্ড, রাফিরই চারটি

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম

ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে একের পর এক নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। আজ মঙ্গলবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে চারটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন রাফি। জাতীয় সাঁতার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে হয়েছে মোট ৭টি রেকর্ড।

দ্বিতীয় দিনে রাফির প্রথম রেকর্ডটি আসে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। তিনি গত বছর নিজের করা রেকর্ডটি ভেঙে এবার সময় নিয়েছেন ২ মিনিট ৮.৯২ সেকেন্ড (আগেরটি ২ মিনিট ৯.৯৯ সেকেন্ড) ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে রাফি ২৫.১৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন, যা ২০২২ সালে মাহামুদুন্নবী নাহিদের গড়া রেকর্ড ভেঙে দিয়েছে। তার তৃতীয় রেকর্ডটি ছিল ১০০ মিটার ফ্রিস্টাইলে। তিনি ৫২.৪২ সেকেন্ড সময় নিয়ে ১২ বছর আগে করা মাহফিজুর রহমানের রেকর্ড (৫২.৮৮ সেকেন্ড) ভাঙেন। দিনের চতুর্থ ও শেষ রেকর্ডটি আসে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে। গত বছর নিজের করা রেকর্ড ভেঙে ২ মিনিট ১০.৪৬ সেকেন্ড সময় নেন, যা তার আগের ২ মিনিট ১০.৮৭ সেকেন্ডের চেয়ে কম।

এত রেকর্ডের মাঝেও হ্যান্ড টাইমিংয়ে সব রেকর্ড হওয়ায় দুঃখ করলেন রাফি। তিনি বলেন, 'ইলেকট্রনিক স্কোরবোর্ড দিয়ে যে শুধু সঠিক টাইমিং নির্ণয় করা হয় এমনটি নয়। বাইরের দেশে এখন আর কেউ হ্যান্ড টাইম গ্রহণ করে না। ইলেকট্রনিক টাইমিং গ্রহণযোগ্য। আমাদের অনেক স্কলারশিপ থাকে। আমি নিজেও স্কলারশিপের মধ্যে আছি। কিন্তু আমাদের টাইমিং ইলেকট্রনিক না হওয়ার কারণে স্কলারশিপের সেই সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে।'

মঙ্গলবার সেনাবাহিনীর রোমানা আক্তার দুটি রেকর্ড করেন, ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ও ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে। এছাড়া ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর যুথী আক্তার নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।

দ্বিতীয় দিন শেষে পদক তালিকায় ২০টি স্বর্ণ, ১৩টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী শীর্ষস্থান ধরে রেখেছে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত