খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত লিটন ত্রিপুরা (২৪) কে সেনাবাহিনী আটক করেছে।
ঘটনা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঘটে। আটক লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, চাকমা সম্প্রদায়ের ওই শিক্ষিকা (২৯) এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বন্ধুর সঙ্গে আলুটিলা যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলে তাদের অনুসরণ করে এবং তারেং এলাকায় পৌঁছালে পথরোধ করে। একপর্যায়ে সে শিক্ষিকাকে পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
শিক্ষিকার সঙ্গে থাকা বন্ধু ঘটনাটি সেনা ক্যাম্পে জানান। সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, ভিকটিম নিজে বাদী হয়ে লিটনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং শিক্ষিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
