ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি অপরাধ ঘোষণার আবেদন

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০১:০৬ পিএম

ক্রিকেটের ক্যান্সার হলো ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং। এবার ফিক্সিংয়ের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইতোমধ্যেই বিসিসিআই ফিক্সিংকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে দেশটির সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। সংস্থাটির দাবি, ম্যাচ ফিক্সিং খেলার সততা ও সুনাম নষ্ট করে এবং ক্রিকেটের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিসিসিআই ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে দাখিল করা এক আবেদনে বলেছে, ম্যাচ ফিক্সিংয়ের কাজটি একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত।ক্রিকেটে দুর্নীতিমূলক কার্যকলাপ খেলার ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং খেলাধুলার মূল ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে। ম্যাচ ফিক্সিং মূলত ‘প্রতারণা’। আর প্রতারণাকে অনেক আগে থেকেই ভারতীয় দণ্ডবিধিতে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

এই যুক্তি দেখিয়ে বিসিসিআই দাবি করেছে, ফিক্সিংকে আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অপরাধ ঘোষণা করা প্রয়োজন। মূলতঃ কর্ণাটকের একটি রাজ্য ক্রিকেট লিগে ২০১৮-১৯ মৌসুমে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা থেকে এই মামলার সূত্রপাত হয়। ঘটনায় দুই খেলোয়াড়, এক কোচ ও দলমালিকসহ মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে কর্ণাটক হাইকোর্ট ২০২২ সালে মামলাটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য না করে খারিজ করে দেয়।

ভারতে ক্রিকেটে প্রথম বড় ফিক্সিং কেলেঙ্কারি সামনে আসে ২০০০ সালের এপ্রিলে। সেই সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের সঙ্গে বুকিদের কথোপকথন ফাঁস হয়। পরে ক্রনিয়ে স্বীকার করেন, তিনি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন এবং ভারতের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকেই তাকে বুকিদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ২০১৩ সালে আইপিএলে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে।

বিসিসিআই ২০১৯ সালে নিজস্ব দুর্নীতি দমনবিধি প্রণয়ন করেছিল, যার আওতায় সংস্থাটি জরিমানা ও আজীবন নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তি দিতে পারে। সেই কোডে উল্লেখ করা আছে, ‘খেলার সততা ও স্বচ্ছতার প্রতি জনসাধারণের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সেই আস্থা নষ্ট হয়, তবে ক্রিকেটের আসল ভিত্তিই নড়ে যাবে।’ প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাও ২০১৯ সালে ১০ বছর কারাদণ্ড ও ১০ কোটি রুপি পর্যন্ত জরিমানার বিধান রেখে ফিক্সিং বিরোধী আইন প্রণয়ন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত