ব্রাজিলের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উঠতি ফুটবলার অ্যান্টনি ইলানো। গত ২০ অক্টোবর ভোরে একটি গরুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মাত্র ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি তাঁর বাবার জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটে ব্রাজিলের পিয়াউই রাজ্যের বিআর-৩৪৩ নম্বর মহাসড়কে। স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটে পিয়াউই এসপোর্টে ক্লাবের খেলোয়াড় ইলানো যখন বাড়ি ফিরছিলেন, তখন রাস্তা পার হতে থাকা একটি গরুর সাথে তাঁর দ্রুতগতির মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ফেডারেল হাইওয়ে পুলিশের রিপোর্ট অনুসারে, সংঘর্ষের ফলে ইলানোর মোটরসাইকেলটি ছিটকে যায়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান এই তরুণ খেলোয়াড়।
দুর্ঘটনার পরপরই জরুরি দল এসে ইলানোকে বাঁচানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। সংঘর্ষে গরুটিও আঘাত পায় এবং অল্প সময়ের মধ্যেই মারা যায়। পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি যে, দুর্ঘটনার সময় ইলানো হেলমেট পরে ছিলেন কিনা। তবে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে অতিরিক্ত গতি দুর্ঘটনার একটি প্রধান কারণ। ইলানোর স্মরণে পিয়াউই ফুটবল ফেডারেশন সপ্তাহান্তে অনুষ্ঠিত সকল ম্যাচে এক মিনিটের নীরবতা পালনের নির্দেশ দিয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় ব্রাজিলের স্থানীয় ফুটবল মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁর বর্তমান ক্লাব পিয়াউই এসপোর্টে ক্লাব এক আবেগঘন বিবৃতিতে লিখেছে, ‘অ্যান্টনি ইলানোর প্রয়াণে আমরা গভীর বেদনার মধ্যে দিয়ে যাচ্ছি, যে ছেলেটি মাঠের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই ছিল অনুকরণীয়। সে ২০২২ সাল থেকে আমাদের পরিবারের অংশ ছিল এবং অনূর্ধ্ব-২০ পিয়াউয়েন্সে চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।’
ইলানোর সাবেক ক্লাবগুলো—অ্যাসোসিয়েশন অ্যাতলেটিকা দে আল্টোস এবং ফ্লুমিনেন্সে-পিআই শোক প্রকাশ করেছে। ২০২৩ সালে আল্টোস ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় ইলানোর। পিয়াউই রাজ্যের ফুটবলে তাঁকে অন্যতম সেরা প্রতিশ্রুতি হিসেবে গণ্য করা হচ্ছিল। জুনিয়র পর্যায়ে তিনি মোট ২৮টি গোল করে নজর কেড়েছিলেন। সম্প্রতি কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব-২০ ও কোপা সাও পাওলো জুনিয়রের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
জাতীয় ক্রিকেট লিগে সিলেটে মুশফিক, বাকিরা কে কোথায়
লাইভে এসে পিসিবির নোটিশ ছিঁড়ে ফেললেন মুলতান সুলতানস মালিক