তিউনিসিয়ায় বায়ুদূষণ বিরোধী বিক্ষোভে সংঘর্ষ, আহত বহু

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম

দক্ষিণ তিউনিসিয়ার উপকূলীয় শহর গাবেসে ভয়াবহ বায়ু দূষণের প্রতিবাদে বুধবার (২২ অক্টোবর) হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। স্থানীয় ফসফেট প্রক্রিয়াজাতকরণ কারখানার দূষণে অসহনীয় পরিবেশের সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ জনতা এ বিক্ষোভে অংশ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশ আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাষ্ট্রায়ত্ত কেমিক্যাল গ্রুপ অফ তিউনিসিয়া কমপ্লেক্স-এর একটি ইউনিটে গ্যাস লিকের ঘটনায় শিশুসহ বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই শহরজুড়ে ক্ষোভ বাড়ছিল। স্থানীয়রা অভিযোগ করছেন, শহরে ক্রমবর্ধমান ক্যান্সার, শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক জটিলতার জন্য এই কারখানাই মূলত দায়ী।

বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক অবরোধ করে টায়ার ও আবর্জনা পোড়ান এবং দূষণকারী ফসফেট কারখানাটি বন্ধের দাবি জানান। তাদের অভিযোগ, কারখানাটি গাবেস শহরকে ধীরে ধীরে বিষাক্ত করে তুলছে এবং কাছাকাছি সাগরাঞ্চলের সামুদ্রিক জীববৈচিত্রও ধ্বংস করছে।

পরিবেশবাদীরা বলছেন, তিউনিসিয়া সরকার দীর্ঘদিন ধরেই এই শিল্প পুনর্বাসন ও আধুনিকায়নের আশ্বাস দিলেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এর ফলে জনগণের ক্ষোভ দিন দিন তীব্র আকার ধারণ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত